পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এই হামলার ঘটনাটি ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল নেতাদের ভাষ্যমতে, মিছিলটি যখন মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিল, তখন মার্কেটের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে। এতে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন ইটের খোয়ার আঘাতে আহত হন। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাটি বুঝতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধা মার্কেটটি ঘিরে ফেলেন এবং সন্দেহভাজন চারজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই হামলা। তিনি আরও জানান, তারা রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মার্কেটের ভেতর থেকে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তাদের নাম-পরিচয় যাচাইয়ের পাশাপাশি এই ঘটনায় তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





























