গ্রীষ্মকালে ঘরের এসি বা এয়ার কন্ডিশনারের তাপমাত্রা গড়ে ৭৮ ডিগ্রি ফারেনহাইটে রাখার পরামর্শ দেওয়া হলেও, অধিকাংশ আমেরিকানই ঘরকে এর চেয়ে অনেক বেশি ঠান্ডা রাখতে পছন্দ করেন। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে, আমেরিকার বাসিন্দাদের ঘুমানোর জন্য সবচেয়ে পছন্দের বা 'আদর্শ' তাপমাত্রা হলো ৬৭ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস)।
ঘুমের মান উন্নয়ন বিষয়ক ব্র্যান্ড 'বিয়ার ম্যাট্রেস' (Bear Mattress) গত ৮ জুলাই এই সংক্রান্ত একটি ঘুম বিষয়ক গবেষণা প্রকাশ করে। গত ৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ৬৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় অধিকাংশ আমেরিকান দ্রুত ঘুমাতে পারেন এবং দীর্ঘ সময় ধরে তাদের ঘুম ভালো হয়। তবে ভৌগোলিক কারণে এই তাপমাত্রার পছন্দে ভিন্নতা রয়েছে। যেমন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দারা সবচেয়ে বেশি ঠান্ডা পছন্দ করেন, যেখানে তাদের গড় তাপমাত্রা ৬৩.২ ডিগ্রি ফারেনহাইট। অন্যদিকে, হাওয়াইয়ের বাসিন্দারা তুলনামূলক কিছুটা উষ্ণ তাপমাত্রা পছন্দ করেন, যেখানে তাদের গড় ঘুমের তাপমাত্রা ৬৯.৫ ডিগ্রি ফারেনহাইট। গবেষণায় বলা হয়েছে, আমেরিকানরা আরামদায়ক পরিবেশ বলতে কী বোঝেন, তা নির্ধারণে আঞ্চলিক জলবায়ু বড় ভূমিকা পালন করে।
এই গবেষণায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ২ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেন। ভৌগোলিক অবস্থান এবং প্রজন্মের ভিন্নতা কীভাবে আমেরিকানদের ঘুমানোর অভ্যাস ও আরামদায়ক পরিবেশের ওপর প্রভাব ফেলে, তা বোঝার জন্য তাদের ঘুমের স্বাচ্ছন্দ্য, পছন্দের তাপমাত্রা এবং ঘুমানোর সময়কার আচরণ বিশ্লেষণ করা হয়েছে।
এর আগে ২০২১ সালে 'কনজিউমার রিপোর্টস' (Consumer Reports) পরিচালিত আরেকটি জাতীয় জরিপে দেখা গিয়েছিল, আমেরিকানরা সাধারণত দিন ও রাতে তাদের এসির তাপমাত্রা গড়ে ৭১ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি রাখেন। অঞ্চলভেদে এতে কিছুটা পার্থক্য রয়েছে; যেমন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা দিনের বেলা ৭২ ডিগ্রি ফারেনহাইট এবং উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা ৭০ ডিগ্রি ফারেনহাইটে এসি চালাতে পছন্দ করেন। মজার বিষয় হলো, সেন্ট্রাল এসি ব্যবহারকারী একজন উত্তরদাতাও জানাননি যে তারা গ্রীষ্মকালে তাপমাত্রা ৭৬ ডিগ্রি ফারেনহাইটের ওপরে রাখেন।
যদিও শিকাগোর 'কনস্টেলেশন' (Constellation), নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটসের 'ন্যাশনাল গ্রিড' (National Grid) এবং ফ্লোরিডার 'ক্যারিয়ার' (Carrier)-এর মতো বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রীষ্মকালে এসির গড় তাপমাত্রা ৭৮ ডিগ্রি ফারেনহাইট রাখার পরামর্শ দেয়। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগও (Department of Energy) বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য ঘরের ভেতরের ও বাইরের তাপমাত্রার ব্যবধান কম রাখার পাশাপাশি আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখার মতো আরামদায়ক স্তরে তাপমাত্রা নির্ধারণের সুপারিশ করে।
ঘুমানোর তাপমাত্রা ছাড়াও ২০২৬ সালে আমেরিকানদের ঘুমানোর বিভিন্ন অভ্যাস ও বৈচিত্র্য নিয়ে অনুসন্ধান করেছে বিয়ার ম্যাট্রেস। জরিপ অনুযায়ী, ৫৮ শতাংশ আমেরিকান কাত হয়ে ঘুমাতে পছন্দ করেন। এছাড়া প্রায় অর্ধেক আমেরিকান প্রতি বছর গড়ে তিন মাসের সমপরিমাণ সময় বিছানায় কাটান, যা ঘুমকে দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘতম অংশে পরিণত করেছে। গবেষণায় আরও দেখা গেছে, নেভাদা অঙ্গরাজ্যের মানুষ সবচেয়ে ভালো ঘুমান, অন্যদিকে ঘুমের স্বাচ্ছন্দ্যের দিক থেকে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ওকলাহোমার স্কোর সবচেয়ে কম।






























