শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে যে হিমশীতল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা একটি কড়া কূটনৈতিক বিবৃতির মাধ্যমে নাটকীয় মোড় নিয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে দিল্লির রাজনৈতিক কৌশল ঢাকাকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছিল। এর পরিণতিতে বাংলাদেশ একটি কঠোর ও রাজনৈতিক কূটনৈতিক বিবৃতি প্রদান করে। এই বিবৃতিটি প্রথাগত কূটনীতির চেয়ে ভিন্ন ছিল এবং এর মাধ্যমে ঢাকার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়।
বাংলাদেশ তার বিবৃতিতে জানায়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতি দেয়ায় ঢাকা গভীরভাবে ক্ষুব্ধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনে ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনা ও তার সহযোগীদের এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, ২০১৩ সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও ভারত এখনো সাড়া দেয়নি। বরং তাকে গণমাধ্যমের সামনে সুযোগ দেয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর।
এই বিবৃতি প্রচারের পরপরই দিল্লিতে তোড়জোড় শুরু হয়। ভারতের বিদেশ মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতাদের মধ্যে একাধিক বৈঠকের খবর পাওয়া গেছে, যেখানে আত্মসমালোচনার বিষয়টিও উঠে আসে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশের উদ্বেগের কথা আগে জানানো হয়েছিল, কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে নতুন বার্তা ঢাকায় পৌঁছায়। সূত্রমতে, ভারতের বিদেশ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা একটি বিশেষ পত্র নিয়ে খুব শিগগিরই ঢাকা আসছেন, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের তাগিদ থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আমন্ত্রণও থাকতে পারে।
সামগ্রিক প্রেক্ষাপটে আগামী ১০ই আগস্ট ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, হাসিনা ইস্যুতে ঢাকার রাজনৈতিক উত্তাপ এবং জুলাই বিপ্লবের অনুষ্ঠান বয়কটের বিষয়গুলোও সরকার পর্যালোচনা করছে। বিদেশি কূটনীতিকরা নিরাপত্তাজনিত আশঙ্কায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক ছিল।





























