সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি সচিব কমিটি নতুন বেতন কাঠামোর খসড়া সুপারিশমালা প্রায় চূড়ান্ত করলেও শেষ মুহূর্তে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বেতন কাঠামো নিয়ে নতুন এক জটিলতা দেখা দিয়েছে।
জুডিশিয়াল সার্ভিসের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল বেতনের সমপরিমাণ অর্থাৎ শতভাগ ভাতা দাবি করেছেন। এই দাবির পরিপ্রেক্ষিতে গেজেট প্রকাশের আগে পুরো বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর ফলে অর্থ বিভাগ এখন ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫’-এর প্রতিবেদনটি নিয়ে চূড়ান্ত পর্যায়ের পর্যালোচনা শুরু করতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী এক অনানুষ্ঠানিক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নবম পে-স্কেলের সার্বিক আর্থিক প্রভাব, এটি বাস্তবায়নের সময়সীমা এবং বিভিন্ন খাতের বেতন কাঠামোর ভারসাম্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী কমিশনের প্রতিবেদন এবং জুডিশিয়াল সার্ভিসের দাবিগুলো গভীরভাবে খতিয়ে দেখার তাগিদ দেন। একই সঙ্গে বেতন কাঠামোর কোথাও কোনো ধরনের বৈষম্য বা অসঙ্গতি থাকলে তা দ্রুত দূর করারও নির্দেশনা দিয়েছেন তিনি।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক সংকটকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক সংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে নবম পে-স্কেল বাস্তবায়ন আরও কিছুটা পিছিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে সরকারের নীতিনির্ধারক মহলে আলোচনা চলছে।
জুডিশিয়াল সার্ভিস কমিশনের বেতন কাঠামো চূড়ান্ত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি শিগগিরই একটি বৈঠকে বসবে। এর আগে গত ১২ আগস্ট একটি বৈঠক ডাকা হলেও কমিটির সদস্যদের অনুপস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। আসন্ন প্রথম বৈঠকে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে বিচারকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বর্তমান পরিস্থিতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত কত টাকা প্রয়োজন হবে এবং তা কোন উৎস থেকে কীভাবে জোগান দেওয়া সম্ভব—সেসব বিষয় এই বৈঠকে গুরুত্ব পাবে।
খসড়া সুপারিশমালায় নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন তুলনামূলক বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া আর্থিক চাপ সামলাতে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের একটি প্রস্তাবও রয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে কেবল মূল বেতন বাড়ানো হবে এবং পরবর্তী বছর বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা কার্যকর করা হবে।






























