রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে বসা এক তরুণীর ‘নিথর’ অবস্থার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় ওই তরুণীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই তরুণী দাবি করেন, মানসিক চাপ কমানোর জন্য তিনি নিজেই মদ পান করেছিলেন। কেউ তাকে জোর করে মদ খাওয়ায়নি। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয়নি। ওই লোকগুলো মোটরসাইকেলে আমাকে পৌঁছে দিয়ে আমাকে সাহায্য করেছে।’ তরুণীর ভাষ্যমতে, মদ পানের পর অসুস্থ বোধ করলে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাকে তার বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করছিলেন।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তরুণীকে তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভাইরাল ভিডিওতে থাকা মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই রাতের ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার ওপর জোর দিচ্ছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, মোটরসাইকেলের আরোহীদের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও স্পষ্ট তথ্য মিলবে। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বা দাবির ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে না গিয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত চিত্র বের করার চেষ্টা চলছে। তরুণীর প্রাথমিক বক্তব্যের সঙ্গে ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে বলেও পুলিশ উল্লেখ করেছে।






























