ম্যানচেস্টার সিটির সমর্থকদের হৃদয়ে কেভিন ডি ব্রুইনের স্থান যে কতটা বিশেষ, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার প্রমাণ মিলল আরও একবার। ম্যানচেস্টার সিটি ছাড়ার পর প্রথমবার প্রতিপক্ষ দল নাপোলির হয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে সাবেক ক্লাবের মুখোমুখি হন এই বেলজিয়ান তারকা। ইত্তিহাদের সমর্থকরা তাদের সাবেক প্রিয় তারকাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।
ইত্তিহাদ স্টেডিয়ামে দীর্ঘ ১০টি সাফল্যমণ্ডিত মৌসুম কাটিয়েছেন ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটির হয়ে খেলাকালীন তিনি দলটিকে জেতান ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। এরপর ২০২৪/২৫ মৌসুম শেষে চুক্তি শেষ হলে তিনি ফ্রি ট্রান্সফারে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন। তবে ভাগ্যের পরিহাসে পরের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সাবেক দল সিটির বিপক্ষে মাঠে নামতে হয় তাকে।
ব্লুজদের বিরুদ্ধে ম্যাচ শুরুর মুহূর্তেই ইস্টল্যান্ডসের সমর্থকেরা সাবেক এই ম্যান সিটি কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে একটি আবেগঘন ব্যানার উন্মোচন করেন। কিন্তু মাঠে তার পুনরাগমনের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। খেলার ২৫ মিনিটের মাথায় নাপোলির জিওভান্নি দি লোরেনজো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কোচ কৌশলগত পরিবর্তন আনেন। আর সেই পরিবর্তনের বলি হয়ে ২৫ মিনিটের মাথায়ই মাঠ ছাড়তে বাধ্য হন ডি ব্রুইন, যার ফলে ইত্তিহাদে তার স্মরণীয় প্রত্যাবর্তনটি খুব দ্রুতই শেষ হয়ে যায়।
































