দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ২০২৫ সালের জুনে দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশটির বিচার বিভাগ ও সরকারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি সেই রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ নিয়েছে, যখন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি (ডিপি) গত ২০ নভেম্বর দলের এক সাধারণ সভায় প্রধান বিচারপতি চো হি-দে-কে অভিশংসন করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডেমোক্রেটিক পার্টির নেতা কিম মিন-সক এ প্রসঙ্গে বলেন, প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করা সত্ত্বেও জনগণের উপলব্ধির আশায় তারা এতদিন ধৈর্য ধারণ করেছিলেন। কিন্তু ইতিহাস বিকৃতি এবং গণ-অভ্যুত্থান দমনের চেষ্টায় তার সহযোগিতাকে আর কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই লক্ষ্যে ডিপি একটি অভিশংসন টাস্কফোর্স গঠন করেছে এবং আগামী ডিসেম্বরের শুরুতেই ন্যাশনাল অ্যাসেম্বলিতে (জাতীয় সংসদ) অভিশংসন প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধান বিচারপতি চো-র বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির আনীত প্রধান তিনটি অভিযোগের মধ্যে প্রথমটি হলো ২০২৪ সালের ৩ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট ইউন সক-ইয়েওলের ব্যর্থ সামরিক শাসন বা ‘স্বঘোষিত অভ্যুত্থান’ সংক্রান্ত ভূমিকার আইনি ও প্রতীকী ব্যর্থতা। সংবিধান ও গণতন্ত্র সুরক্ষার শেষ আশ্রয়স্থল হয়েও সুপ্রিম কোর্ট ইউনের অসাংবিধানিক সামরিক শাসন ঘোষণার প্রতিবাদে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো ৪ ডিসেম্বর ভোরে প্রধান বিচারপতি চো-র সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের সভায় সিদ্ধান্ত হয় যে বিচার বিভাগের পরিচালনা ও তদারকি সামরিক শাসন কমান্ডারের অধীনে চলে যাবে এবং সামরিক নির্দেশিকা অনুযায়ী আদালত পরিচালিত হবে। সংবিধান অনুযায়ী সামরিক আদালত সংক্রান্ত মামলার চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের হাতে থাকায় ইউনের সামরিক শাসন সফল হলে চো-র নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট সেই বেআইনি পদক্ষেপকে আইনি বৈধতা দিতে পারত বলে অভিযোগ তোলা হয়েছে।
দ্বিতীয় অভিযোগটি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানো নিয়ে। ২০২৬ সালের মার্চ মাস থেকে সুপ্রিম কোর্টে বিচারপতির একটি আসন ফাঁকা থাকলেও চো আগস্ট মাসের আগে কোনো নাম সুপারিশ করেননি। এমনকি আগস্টে যখন নাম সুপারিশ করা হয়, তখনও প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে কোনো আগাম পরামর্শ করা হয়নি। সাবেক প্রেসিডেন্ট ইউন তার মেয়াদে ১২ জন বিচারপতির মধ্যে ৮ জন এবং প্রধান বিচারপতি চো-কে নিয়োগ দিয়ে আদালতকে ডানপন্থি ধারায় ঢেলে সাজিয়েছিলেন। বিচার বিভাগে রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করতে প্রেসিডেন্ট লি ওই সুপারিশ ফেরত পাঠিয়ে নতুন নাম চাইলে চো তাতে সায় দেননি। ডিপি এটিকে প্রেসিডেন্টের নিয়োগ দেওয়ার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ এবং জনগণের বিচার পাওয়ার অধিকারকে সংকুচিত করার ‘বিচার বিভাগীয় অভিজাততন্ত্র’ বলে অভিহিত করেছে। যদিও প্রধান বিচারপতি চো দাবি করেছেন যে সুপারিশ প্রক্রিয়ায় প্রেসিডেন্ট বা আইনসভার হস্তক্ষেপের কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং প্রেসিডেন্টের আচরণকে তিনি ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দেন। তবে সাংবিধানিক রীতিনীতি উপেক্ষা করা এবং সাংবিধানিক আদালতের এখতিয়ারভুক্ত বিষয়ে রাজনৈতিক মন্তব্য করাকে নির্বাহী বিভাগে বিচার বিভাগের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তৃতীয়ত, ফৌজদারি বিচার পরিচালনায় পদ্ধতিগত অনিয়মের অভিযোগ আনা হয়েছে প্রধান বিচারপতির বিরুদ্ধে। ২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে, লি জে-মিয়ংয়ের (যিনি তখন প্রধান বিরোধী দলীয় প্রার্থী ছিলেন) একটি মামলা সুপ্রিম কোর্টে সব নিয়ম ও সময়সীমা ভেঙে ত্বরান্বিত করা হয়। হাইকোর্টের খালাসের রায় মাত্র ৯ দিনের মধ্যে বাতিল করার প্রক্রিয়া সম্পন্ন করেন ইউনের মনোনীত ১০ জন বিচারপতি, যেখানে প্রায় ৭০ হাজার পৃষ্ঠার নথি পর্যালোচনা করা অসম্ভব ছিল বলে মনে করা হয়। এর উদ্দেশ্য ছিল লি-কে নির্বাচনে প্রার্থী হওয়া থেকে অযোগ্য ঘোষণা করা। অন্যদিকে, বিশেষ প্রসিকিউটরের মামলায় তিন মাসের মধ্যে রায় দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুর ১৫ বছরের কারাদণ্ডের আপিল ৩ মাস থেকে পিছিয়ে নভেম্বর পর্যন্ত টেনে নেওয়া হয় এবং ১৯ নভেম্বর তাকে আংশিক খালাস দেওয়া হয়। ওই রায়ে অংশ নেওয়া ৯ বিচারপতির মধ্যে ৮ জনই ছিলেন ইউন বা হান নিজে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকাকালে মনোনীত।
তবে ডেমোক্রেটিক পার্টির এই অভিশংসন উদ্যোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও আইনি মহলে তীব্র শঙ্কাও তৈরি হয়েছে। প্রথমত, প্রধান বিচারপতির পদক্ষেপগুলো বিতর্কিত হলেও তা অপসারণের জন্য প্রয়োজনীয় ‘গুরুতর বেআইনি’ কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। সাংবিধানিক আদালত অভিশংসন খারিজ করে দিলে ক্ষমতাসীন দলকে রাজনৈতিকভাবে লজ্জিত হতে হবে। দ্বিতীয়ত, আগামী বছরের জুনে প্রধান বিচারপতি চো-র মেয়াদ এমনিতেই শেষ হচ্ছে এবং সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত আসতে অন্তত ছয় মাস লাগে, ফলে এই অভিশংসন প্রস্তাবকে অনেকে অপ্রয়োজনীয় নাটকীয়তা হিসেবে দেখছেন। ২৫ নভেম্বরের এক জনমত সমীক্ষায় দেখা গেছে, ৪৯ শতাংশ কোরিয়ান এই অভিশংসনের বিরোধী এবং ৩৩ শতাংশ পক্ষে মতামত দিয়েছেন, যা মধ্যপন্থি ভোটারদের ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ক্ষুব্ধ করতে পারে।
বিচার বিভাগ ও আইনি অঙ্গনেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছে। ২২ নভেম্বর বিচারপতিদের জাতীয় সম্মেলনের চেয়ারম্যান অনলাইনে লেখেন, আদালতের রায়ই যদি অভিশংসনের কারণ হয়, তবে বিচারকরা বিচার কাজ ছেড়ে রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রায় দেবেন। প্রস্তাব পাস হলে তিনি বিচারপতিদের ‘পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। কোরিয়ান বার অ্যাসোসিয়েশনও সতর্ক করে বলেছে যে এই অভিশংসন ক্ষমতার পৃথকীকরণ ও বিচার বিভাগের স্বাধীনতায় আঘাত হানে। অন্যদিকে বিরোধী পিপল পাওয়ার পার্টি (পিপিপি) অভিযোগ করেছে যে লি জে-মিয়ংয়ের বিরুদ্ধে স্থগিত থাকা বিচারিক প্রক্রিয়া থেকে তাকে বাঁচাতে বামপন্থি বিচারকদের প্রাধান্য দিতেই সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণে নেওয়ার এই ষড়যন্ত্র করছে ক্ষমতাসীন দল। আগামী ফেব্রুয়ারিতে বিচার বিভাগে নিয়মিত পদায়ন রয়েছে; অভিশংসন প্রস্তাব পাস হলে চো সাময়িকভাবে বরখাস্ত হবেন এবং সাবেক উদারপন্থি প্রেসিডেন্ট মুন জে-ইনের মনোনীত জ্যেষ্ঠ বিচারপতি চুন দে-ইউওপ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পাবেন। পিপিপি নেতা জাং দং-হিয়ক সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়ে বলেন, এই অভিশংসন আসলে ‘প্রেসিডেন্ট লি-র জেলভাঙার পথ’ তৈরি করা। তবে জাতীয় সংসদের আইন ও বিচার সংক্রান্ত কমিটির চেয়ারপারসন সহ ইয়াং-কিও দৃঢ়ভাবে জানান, সংবিধানে বিচার বিভাগের একক বা অনিয়ন্ত্রিত স্বাধীনতা দেওয়া হয়নি; আইনসভা ও অভিশংসনের মাধ্যমে বিচার বিভাগকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে।





























