হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকার। সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক। আজ রোববার বেলা ১১টায় বেবিচকের সদরদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বেবিচকের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিনের কারিগরি ও আর্থিক বিশ্লেষণ, ব্যাপক পর্যালোচনা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া (ভেটিং) শেষে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মাত্র চারটি ফ্লাইট চালুর মাধ্যমে এই টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পরবর্তীতে ক্রমান্বয়ে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং হস্তান্তরের ৮ মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ আন্তর্জাতিক ফ্লাইটের সেবা শুরু করা হবে। সর্বশেষে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পুরো আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন এই টার্মিনালে স্থানান্তর করার লক্ষ্য ধরা হয়েছে।
চুক্তির বিধান অনুযায়ী, যখন শাহজালাল বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হবে, সেদিন থেকেই ১৫ বছরের মেয়াদি চুক্তিটি কার্যকর হবে। চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজেদের খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল পার্কিং ভবন এবং নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। একই সঙ্গে যাত্রীসেবার সক্ষমতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় নতুন যন্ত্রপাতি ক্রয়, স্থাপন এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পানি সরবরাহ অবকাঠামোর সম্প্রসারণমূলক কাজও তারা সম্পন্ন করবে। তবে বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ বেবিচকের নিয়ন্ত্রণে থাকবে, যা দিয়ে অভ্যন্তরীণ, হজ এবং অন্যান্য নন-সিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে।
টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলেও বিমানবন্দরের মূল নিরাপত্তা ও কৌশলগত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC), বিমান চলাচল নিরাপত্তা, ফায়ার ফাইটিং ও রেসকিউ কার্যক্রম এবং সিকিউরিটি স্ক্রিনিং পরিচালনা করবে বেবিচক নিজেই। এছাড়া ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার মতো রাষ্ট্রীয় দায়িত্ব যথারীতি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি পরিচালনাকারী প্রতিষ্ঠানের যাত্রীসেবা ও পরিচালনা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করবে বেবিচক।
অর্থনৈতিক শর্তাবলীর বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী বহির্গামী আন্তর্জাতিক যাত্রীদের এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহার ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল কার পার্কিং ও বিজ্ঞাপন ভাড়া থেকে নন-অ্যারোনোটিক্যাল আয় পাবে পরিচালনাকারী জাপানি প্রতিষ্ঠানটি। বিনিময়ে তারা প্রতি মাসে মোট রাজস্বের ১৩.৫ শতাংশ বেবিচককে দেবে। পরবর্তীতে নতুন টার্মিনালটি পূর্ণ সক্ষমতা অর্জন করলে বেবিচকের রাজস্ব পাওয়ার হার বেড়ে দাঁড়িয়ে ২৭ শতাংশে উন্নীত হবে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে, যারা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে। আর কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি টন কার্গোর বিপরীতে মার্কিন ডলারে অপারেটরকে রয়্যালটি পরিশোধ করবে।
সুযোগ-সুবিধার দিক থেকে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। যাত্রীদের দ্রুত চেক-ইনের জন্য সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি অটোমেটেডসহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রাখা হয়েছে। আগমনী যাত্রীদের লাগেজ বহনের সুবিধার্থে রয়েছে ১৬টি বড় ব্যাগেজ কনভেয়ার বেল্ট। এছাড়া ১২টি কন্টাক্ট বোর্ডিং গেট, ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে এবং বহুতল কার পার্কিং ভবনে ১,২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে। টার্মিনালে সার্বিক নিরাপত্তার জন্য ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র (ETD) স্থাপন করা হয়েছে।
আন্তর্জাতিক কার্গো পরিবহনে ২৭ হাজার বর্গমিটারের ইমপোর্ট এবং ৩৬ হাজার বর্গমিটারের এক্সপোর্ট কার্গো টার্মিনাল তৈরি করা হয়েছে, যেখানে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ টন আমদানি এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ টন রপ্তানি কার্গোসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ টন কার্গো হ্যান্ডলিং করা যাবে। এতে বর্তমান কার্গো সক্ষমতা প্রায় ৪ গুণ বৃদ্ধি পাবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সেবার সুনির্দিষ্ট সূচক (KPI) নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ বেল্টে দিতে হবে; আর শেষ লাগেজ সরবরাহের সর্বোচ্চ সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের জন্য ৪২.৫ মিনিট এবং ওয়াইড-বডির জন্য ৪৭.৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। চেক-ইন সারিতে অপেক্ষার গড় সময় বিজনেস ক্লাসের জন্য ৫-১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের জন্য ২০-৩০ মিনিটে সীমাবদ্ধ রাখা আবশ্যক করা হয়েছে। এছাড়া BHS, CUTE, CUSS ও FIDS-এর মতো আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে। যদি পরিচালনাকারী প্রতিষ্ঠান নির্ধারিত সেবার মান বা সূচক বজায় রাখতে ব্যর্থ হয়, তবে প্রতিটি ব্যর্থতার জন্য ধরণ অনুযায়ী ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক আরও জানান, আন্তর্জাতিক মানের আধুনিক প্রযুক্তিসংবলিত এই টার্মিনালটি দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোসহ বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পুরো উদ্যোগের সফল বাস্তবায়নে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে গঠনমূলক পরামর্শ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ ছাড়া কার্গো হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলার রয়্যালটি প্রদান করবে।তৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে ন্যূনতম সেবার মান এবং প্রধান কার্যসম্পাদন সূচক (Key Performance Indicators–KPIs) নির্ধারণ করা হয়েছে।




























