গাজার একটি ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলায় আন্তর্জাতিক মানবতাবাদী চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার রাতে এই হামলাটি সরাসরি তাদের ওপর চালানো হয়েছে। অন্যদিকে, নিহত ব্যক্তিরা ছদ্মবেশী হামাস যোদ্ধা ছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ফরাসি সংক্ষিপ্ত রূপ 'এমএসএফ' নামে পরিচিত সংস্থাটি জানায়, "আমাদের দুই সহকর্মীর হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এটি এমএসএফের ওপর একটি সরাসরি আঘাত।" নিহত সহকর্মীদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনার জন্য দায়ীদের পূর্ণ জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহত দুই প্রহরীর নাম প্রকাশ করেছে। তারা হলেন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলী আবু হাসিরা এবং মোয়াজ ইউসুফ আলিতসবাক। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা মানবতাবাদী কর্মী সেজে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলে, ডক্টরস উইদাউট বর্ডার্স পরিচালিত ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি ওই দুজন সন্ত্রাসী হিসেবেও সক্রিয় ছিলেন। এটি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে হামাসের লুকিয়ে থাকার আরেকটি স্পষ্ট প্রমাণ।
নিহতদের সঙ্গে হামাসের কোনো সম্পৃক্ততা ছিল কি না—সিবিএস নিউজের এমন প্রশ্নের জবাবে সংস্থাটির এক মুখপাত্র শনিবার প্রকাশিত তাদের বিবৃতির কথা উল্লেখ করেন। এমএসএফ জানায়, নিহত দুজন নিরস্ত প্রহরী হিসেবে সংস্থায় চাকরি করতেন এবং হামলার সময় তারা নিজেদের মানবিক দায়িত্ব পালন করছিলেন। সংস্থাটি আরও অভিযোগ করে, গাজায় ত্রাণকর্মীদের ওপর হামলা এবং চিকিৎসাকেন্দ্রে আঘাত হানাকে সঠিক প্রমাণ করার জন্য হামলার পর মানবতাবাদী কর্মীদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলার একটি নিয়মিত ধারা তৈরি করেছে ইসরায়েল।
এমএসএফ স্পষ্ট করেছে যে, তাদের সব স্থাপনায় সংস্থার লোগো দেওয়া রয়েছে এবং সেগুলোর অবস্থান আগেই ইসরায়েলি সামরিক বাহিনীকে অবহিত করা হয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এমএসএফের চিকিৎসাকেন্দ্রে আঘাত হানার দাবি প্রত্যাখ্যান করেছে। আইডিএফ দাবি করেছে, এই হামলায় কোনো চিকিৎসা অবকাঠামোর ক্ষতি হয়নি এবং বেসামরিক নাগরিকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে তারা সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র ও আকাশপথের নজরদারি ব্যবহার করেছিল।
শনিবার নিহত দুই প্রহরীর জানাজায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। নিহতদের এক আত্মীয় আহমদ আবু হাসিরা জানান, হামলার সময় তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন এবং তাদের শরীরে এমএসএফের ইউনিফর্ম পরা ছিল। স্থানীয় এমএসএফ কর্মী আহমদ শেহাদা জানান, দুই প্রহরী যখন ক্লিনিকের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে চত্বরে চক্কর দিচ্ছিলেন, ঠিক তখনই একটি ক্ষেপণাস্ত্র এসে তাদের ওপর আঘাত হানে।





























