ইরাককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'হাতিয়ার' হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন স্বার্থ ও ভাগ্য জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বাগদাদকে সীমান্ত পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করেন। মূলত ইরাক থেকে তেল চোরাচালান বন্ধ, দুর্নীতির অবসান এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার জন্য ইরাকি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি।
এই ঘটনার পরপরই মোখবার এক্সে দেওয়া এক পোস্টে ইরাককে সতর্ক করেন। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগাভাগি করাকে ইরান তার পররাষ্ট্রনীতির অন্যতম মৌলিক নীতি হিসেবে বিবেচনা করে। মোখবার আরও বলেন, সবচেয়ে কঠিন দিনগুলোতেও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের অকাট্য প্রমাণ দিয়েছে।
দুই দেশের এই অবিচ্ছেদ্য সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে মোখবার বাগদাদকে সীমান্ত বিষয়গুলোতে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে তারা কোনোভাবেই ইসলামের শত্রুদের হাতে হাতিয়ারে পরিণত না হয় এবং ‘অপরাধী ট্রাম্পের’ নীতি বাস্তবায়নের মাধ্যম হয়ে না দাঁড়ায়। উল্লেখ্য যে, এর আগে গত বুধবার ইরাকের সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করে দেয়।




























