রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্পেনের হঠাৎ ডাকা মধ্যবর্তী নির্বাচনে এক বড় রাজনৈতিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আবাসন সংকট, অনিয়ন্ত্রিত অভিবাসন এবং রাজনৈতিক দুর্নীতির অভিযোগ নিয়ে জনমনে ক্রমবর্ধমান ক্ষোভের মুখে পড়েছে বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সরকার। এই নির্বাচনের মাধ্যমে ১৯৭৫ সালে একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর থেকে দীর্ঘ গণতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো স্পেনে কোনো কট্টর ডানপন্থী জোট জাতীয় সরকার গঠনে সফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব রাজনীতিতে স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত বিরোধী হিসেবে তুলে ধরেছেন। ন্যাটোর সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে ট্রাম্পের দাবির বিরোধিতা করার পাশাপাশি তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসে নিবন্ধ লিখে ট্রাম্পের ‘ম্যাগা-স্টাইলের’ নেতৃত্বের সমালোচনা করেছেন এবং অভিবাসনের পক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মতো মার্কিন ডেমোক্র্যাটিক বামপন্থীদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করে চলেন। তবে নিজ দেশে তিনি আলবার্তো নুনেজ ফেইজোর নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী ‘পিপলস পার্টি’ (পিপি) এবং সান্তিয়াগো আবাকালের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ও অভিবাসনবিরোধী ‘বক্স’ (Vox) পার্টির মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
স্পেনের বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে বড় অনুঘটক হয়ে উঠেছে তীব্র আবাসন সংকট। অস্বাভাবিক হারে বাড়িভাড়া ও প্রপার্টির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সানচেজ যখন নিউ ইয়র্কে জোহরান মামদানির সাথে বৈঠকে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাকালকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যেখানে তিনি ৭০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছিলেন। তার বাড়িওয়ালা মাসিক ভাড়া বাড়িয়ে ১,৯০০ ডলার বা ১,৬৫০ ইউরো করার চেষ্টা করেছিলেন, যা দিতে তিনি অপারগ ছিলেন। স্ট্রেচারে করে তাকে বের করে দেওয়ার দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভের মুখে বাড়িওয়ালা কম ভাড়ায় তাকে ফিরিয়ে নিতে রাজি হলেও, উচ্ছেদের মাত্র দুই সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিকারমেন মারা যান। নতুন চুক্তি স্বাক্ষরের আগেই তার মৃত্যু দেশটির আবাসন সংকটের এক করুণ প্রতীকে পরিণত হয়।
জনঅসন্তোষ সামাল দিতে সানচেজ সরকার জরুরি আবাসন বিল আনে, যেখানে ভাড়া বৃদ্ধির ওপর বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়েছিল। তবে স্পেনের পার্লামেন্টে বিলটি বাতিল হয়ে যায়। এই প্রস্তাব পণ্ড হওয়ার পরই মূলত সানচেজ আগাম নির্বাচনের ডাক দেন। প্রধানমন্ত্রী সানচেজ পরবর্তীতে অভিযোগ করেন যে, পিপি এবং কট্টর ডানপন্থী বক্স পার্টি দুর্বল ভাড়াটিয়াদের সুরক্ষায় আনীত বিলে বাধা দিয়েছে। জবাবে পিপলস পার্টি দাবি করেছে যে, সানচেজ আট বছর ক্ষমতায় থাকলেও আবাসন সংকটের সমাধান করতে ব্যর্থ হয়েছেন। দলটি বিজয়ী হলে ১০ লাখ নতুন ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে।
জীবনযাত্রার ব্যয় কমানো ও দুর্নীতি দূর করাকে প্রধান প্রচারণার বিষয় বানিয়েছে পিপলস পার্টি। অন্যদিকে কট্টর ডানপন্থী বক্স পার্টি অভিবাসন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও নিরাপত্তাহীনতাকে পুঁজি করছে। তারা গণ-ডিপোর্টেশন বা ব্যাপক হারে অবৈধ অভিবাসীদের বিতাড়ন এবং সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সালামানকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী হুগো মার্কোস-মার্নে সিবিএস নিউজকে জানান, বক্স পার্টির জনপ্রিয়তার পেছনে মূল কারণ হলো প্রকৃত পরিসংখ্যান যাই হোক না কেন, অভিবাসন সংক্রান্ত নেতিবাচক জনধারণা। এছাড়া মূলধারার রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষোভ, কর্তৃত্ববাদের প্রতি এক ধরনের নস্টালজিয়া এবং লিঙ্গ-সমতা বিরোধী মনোভাবের ওপর ভর করে পার্টিটি নিজেদের অবস্থান শক্ত করেছে।
এদিকে পিপি-ও অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করার পক্ষে মত দিয়েছে। এর পাশাপাশি সানচেজের মেয়াদে তার রাজনৈতিক সহযোগী এবং পরিবারের সদস্যদের জড়িয়ে একাধিক দুর্নীতি কেলেঙ্কারি এবং এ বছর দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা তার প্রশাসনের প্রতি আস্থা অনেকাংশে কমিয়ে দিয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে স্পেনে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কত্বের অভিজ্ঞতার কারণে কট্টর ডানপন্থী রাজনীতি প্রতিহত ছিল। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, পিপি শীর্ষে থাকলেও তারা একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। সরকার গঠনে তাদের প্রায় ১৮ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনায় থাকা বক্স পার্টির সমর্থনের প্রয়োজন হতে পারে। পিপি অতীতে এই কট্টর ডানপন্থীদের থেকে দূরত্ব বজায় রাখলেও বর্তমানে তাদের সাথে কাজ করতে রাজি এবং ইতোমধ্যেই আঞ্চলিক পর্যায়ে জোট সরকার গঠন করেছে।
সানচেজ অবশ্য আশা করছেন, কট্টর ডানপন্থীদের কেন্দ্রীয় ক্ষমতায় আসার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা প্রগতিশীল ভোটারদের ভোটকেন্দ্রে টানতে সাহায্য করবে। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, পিপি এবং বক্স পার্টি আমাদের দেশের বহু গোষ্ঠী ও মানুষের জন্য এক প্রকৃত হুমকি। তারা নারী, শ্রমিক এবং অভিবাসীদের অধিকার কেড়ে নিতে চায়। পিপি বা বক্সকে দেওয়া প্রতিটি আসন মানে অধিকার হারানোর দিকে এক ধাপ পিছিয়ে যাওয়া।
এই নির্বাচনের গুরুত্ব কেবল স্পেনের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষক হুগো মার্কোস-মার্নে জোর দিয়ে বলেছেন, স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র প্রধান দেশ যেখানে বামপন্থীরা সরকার পরিচালনা করছে। ফলে এই নির্বাচনের ফল পুরো ইইউ পর্যায়ের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব ফেলবে।































