রাজধানী ঢাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ডিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে মনিরুল ইসলামের পরিবারের সদস্যদের আটকের সুনির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মনিরুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে আদালতের নির্দেশনায় মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে।





























