সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গত রবিবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মৃত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে রিয়াদের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, আসবাবপত্র তৈরির কাজে ব্যবহৃত একটি লাইসেন্সবিহীন কারখানায় আগুন লাগার পর তা নির্বাপণ করা হয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, অগ্নিকাণ্ডের পর ওই স্থাপনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে ওই ঘটনায় হতাহতের বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
সূত্র: Gulf Today
































