সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে বর্তমান দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান তাকে ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার অপরাহ্নে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার কোনো পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা পড়েনি।
অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সাম্প্রতিক সময়ে পদ থেকে সরে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে আলোচনা রয়েছে। এছাড়া তার নেতৃত্বাধীন কমিশন পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল, যা সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে দেখা হয়নি বলেও ওই সদস্য দাবি করেছেন।





























