উত্তর আমেরিকা অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার সামরিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কড়া সমালোচনার জবাব দিয়েছে কানাডা। মঙ্গলবার টরন্টোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কানাডা একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র এবং ওয়াশিংটনের কোনো নির্দেশের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য নয়।
প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি সরাসরি মন্তব্য করে বলেন, “কানাডা একটি সার্বভৌম দেশ। আমি খুব স্পষ্টভাবে বলছি, আমরা যুক্তরাষ্ট্রের অধীনে কাজ করি না বা তাদের কাছে জবাবদিহি করি না।” এর আগে সোমবার পেন্টাগন প্রকাশিত এক কড়া তথ্যপত্রে অভিযোগ তোলা হয়, ন্যাটোর নির্ধারিত প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে অটোয়ার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই। বহু দশক ধরে কানাডা নিজেদের সুরক্ষার জন্য আমেরিকান করদাতাদের অর্থের ওপর নির্ভর করে আসছে বলেও পেন্টাগনের ওই বিবৃতিতে দাবি করা হয়।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকির কারণে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। তবে পেন্টাগনের এই অবস্থানের মুখেও ম্যাকগিন্টি জানান, ২০২৯ সালের মধ্যে ন্যাটোর ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের প্রতিশ্রুতি তারা খতিয়ে দেখবেন। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে কানাডার প্রতিরক্ষা ব্যয় মোট জিডিপির ৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। মাত্র ১৪ মাস আগেও দেশটির সামরিক ব্যয়ের পরিমাণ ছিল জিডিপির ১.২৫ শতাংশ। এই বৃদ্ধিকে একটি “অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ” বলে অভিহিত করেন তিনি।
অন্যদিকে পেন্টাগনের তথ্যপত্রে অভিযোগ করা হয়, অটোয়া তাদের প্রতিরক্ষা বাজেটের বড় বৃদ্ধির পরিকল্পনাটি ২০২৯ সালের দেশের সাধারণ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দিচ্ছে। পেন্টাগন উল্লেখ করে, “কানাডার সামরিক ঘাটতি নিজেই নিজের কথা বলে। কানাডাকে এখন আন্তরিক ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিতে হবে।” একই সঙ্গে পেন্টাগন জানায়, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কানাডার সামরিক বাহিনীকে আধুনিকীকরণে শতভাগ মনোযোগ বা “লেজার ফোকাস” দিচ্ছেন।
পেন্টাগনের এই সমালোচনার পেছনে মার্কিন প্রতিরক্ষা সচিবের একটি গোপন নির্দেশনার ভূমিকা রয়েছে বলে জানান রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস। নির্দেশনায় কানাডীয় থিঙ্ক ট্যাঙ্ক ও নানা সামাজিক অনুষ্ঠানে মার্কিন কর্মকর্তাদের অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়। ২০২৫ সাল থেকে শুরু হওয়া এই বিধিনিষেধের কারণে বিখ্যাত হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামে পেন্টাগন কর্মকর্তাদের অংশ নেওয়া ট্রাম্প প্রশাসন বন্ধ করে দেয়। বিগত ১৮ বছর ধরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর প্রায় ৩০০ সামরিক কর্মকর্তা, মার্কিন আইনপ্রণেতা, কূটনীতিক ও গবেষক যোগ দেন। অতীতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীরা এতে নিয়মিত অংশ নিতেন।
সদ্য সমাপ্ত হ্যালিফ্যাক্স ফোরামে উপস্থিত থাকা ডেমোক্রেটিক সিনেটর অ্যান্ডি কিম সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, “হেগসেথ একজন মার্কিন সামরিক সদস্যকেও ইউনিফর্ম পরে সেখানে উপস্থিত হওয়ার অনুমতি দেননি।” তবে সিনেটর রাউন্ডস শনিবার জানান, এই নির্দেশনার ফলে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরড) বা দ্বিপাক্ষিক গোয়েন্দা তথ্য আদান-প্রদানে কোনো বিরূপ প্রভাব পড়বে না।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টিও নিশ্চিত করেছেন যে, নোরড এবং ন্যাটোর আওতায় ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা পুরোপুরি অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, “আমরা যে সামরিক বিনিয়োগের ঘোষণা দিয়েছি তা বজায় রেখেছি এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।”
পেন্টাগন অবশ্য কানাডার পক্ষ থেকে ৮৮টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, অন্য যুদ্ধবিমানের সঙ্গে মিশ্র বহর তৈরি করলে সামরিক কর্মীর ঘাটতি বাড়বে এবং নোরড-এর কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও কানাডার সার্বভৌমত্ব নিয়ে হুমকির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই যুদ্ধবিমান ক্রয় চুক্তি পর্যালোচনার নির্দেশ দেন। বর্তমানে কানাডা সুইডেনের তৈরি গ্রিপেন ফাইটার জেট ক্রয়ের বিষয়টি খতিয়ে দেখছে, যা দেশটির নিজস্ব শিল্পে কর্মসংস্থান তৈরি করতে পারে।































