দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বিএনপি। দলের প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
এই বিশেষ টিমের মূল দায়িত্বের মধ্যে রয়েছে সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার সময়ে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখা, নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং দলীয় শৃঙ্খলা নিশ্চিত করা। এছাড়া স্থানীয় পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগও গ্রহণ করছে এই টিম।
বিশেষ টিমে দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। এই টিমের কার্যক্রমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইতিমধ্যেই এই বিশেষ টিম তাদের কার্যক্রম শুরু করেছে। খুলনা ও ফরিদপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তারা। গত বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে এবং বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিব এবং নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ নিয়েছেন।
রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক বিভাগের নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে এই মতবিনিময় কার্যক্রম চলমান থাকবে। টিমের একজন সদস্য জানান, জেলা ও উপজেলা নেতৃত্বের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বৃদ্ধি এবং পরিস্থিতি অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করাই তাদের লক্ষ্য।
বিএনপি নেতারা মনে করছেন, শুধু কেন্দ্রীয় নির্দেশনা দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। তাই জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সমন্বয় জোরদার করা হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে যেন তারা ব্যক্তিগত উদ্যোগে কোনো সংঘাতে না জড়ান এবং কোনো সন্দেহজনক তৎপরতার তথ্য পেলে প্রশাসনকে অবহিত করেন। বিশেষ করে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং সাম্প্রতিক সহিংসতাকে গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। এর আগে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।





























