ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নতুন প্রেসিডেন্ট হিসেবে স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর পাবলো এরনান্দেস দে কোসকে মনোনীত করেছেন ইউরো অঞ্চলের নেতারা। তিনি বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ্যের স্থলাভিষিক্ত হবেন। ইরানের যুদ্ধের প্রভাবে সৃষ্ট মূল্যস্ফীতি, উচ্চ সরকারি ঋণ এবং ক্রমবর্ধমান ঋণের খরচের মতো বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ইউরোভুক্ত ২১টি দেশের নেতারা ব্রাসেলস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন।
ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে তিন শীর্ষ পদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেন। ইউরোপীয় পার্লামেন্ট ও ইসিবির গভর্নিং কাউন্সিলের পর্যালোচনার পর এই মনোনয়ন চূড়ান্ত হবে, যা মূলত আনুষ্ঠানিকতা মাত্র। উল্লেখ্য, এই প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকটি ইউরো অঞ্চলের ৩৫ কোটি ৯০ লাখ মানুষের ঋণের খরচ ও সুদের হার নির্ধারণ করে থাকে।
৫৫ বছর বয়সী পাবলো এরনান্দেস দে কোস ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ইসিবির নীতি নির্ধারণী কাউন্সিলে অন্তর্ভুক্ত ছিলেন। কমেন্টজব্যাংকের বিশ্লেষকদের মতে, দে কোস মুদ্রানীতির ক্ষেত্রে ‘ডোভ’ বা সুদের হার কম রাখার সমর্থক হিসেবে পরিচিত, যিনি প্রবৃদ্ধি বজায় রাখতে কম সুদের হার পছন্দ করেন। এই পদে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান ক্লাস নট, যিনি মূল্যস্ফীতি দমনে উচ্চ সুদের হারের সমর্থক বা ‘হক’ হিসেবে পরিচিত।
করোনা মহামারীর সময় ২০২০ সালে লাগার্দ্যের নেতৃত্বাধীন কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ অংশের সঙ্গে দে কোস ১.৮৫ ট্রিলিয়ন ইউরো (প্রায় ২ ট্রিলিয়ন ডলার) উদ্দীপনা প্যাকেজের পক্ষে সম্মতি দিয়েছিলেন। সে সময় এক ভাষণে তিনি জানান, এই পদক্ষেপ ইউরো অঞ্চলের দেশগুলোর আর্থিক বাজারের অবনতি রোধে এবং সরকারি ও কর্পোরেট ঋণের খরচ কমাতে সাফল্য এনে দিয়েছে। কমেন্টজব্যাংকের বিশ্লেষক মার্কো ওয়াগনারের মতে, ফ্রান্সসহ একাধিক ইউরোপীয় দেশ যখন উচ্চ ঋণ ও সুদের বোঝা নিয়ে হিমশিম খাচ্ছে, তখন অনেক সরকারই শিথিল মুদ্রানীতির অভিভাবক পছন্দ করবে।
বর্তমানে ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি ৪ শতাংশে রয়েছে, যা ইসিবির নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যের দ্বিগুণ। ফলে ১৭ ডিসেম্বর লাগার্দ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও থাকছে। বাজার অস্থিতিশীল হলে ইসিবির হস্তক্ষেপের নিয়ম থাকলেও ঘাটতি কমাতে ব্যর্থ ফরাসি রাজনীতিবিদদের সহায়তায় ব্যাংকটি সরাসরি কোনো বেলআউট দেবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। দে কোস বর্তমানে সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের (বিআইএস) মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শীর্ষ সম্মেলনে ইসিবির ছয় সদস্যের নির্বাহী বোর্ডের দুটি খালি পদের নিয়োগও চূড়ান্ত করা হয়েছে। আগামী মে মাসে মেয়াদ শেষ হতে যাওয়া প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেনের স্থলাভিষিক্ত হবেন প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ও জার্মান অর্থনীতিবিদ মার্কাস ব্রুনারমেয়ার। অন্যদিকে, আগামী জানুয়ারিতে পদত্যাগ করতে যাওয়া জার্মানির ইসাবেল শনাবেলের শূন্য পদে দায়িত্ব পাবেন স্প্যানিশ ব্যাংক স্যানট্যান্ডারের ফ্রান্সের করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রধান লরেন্স বুন।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে সদর দফতর থাকা ইসিবি ব্যাংকিং ব্যবস্থার ওভারনাইট লোন থেকে শুরু করে ক্রেডিট কার্ড, হোম মর্গেজ ও সরকারি বন্ডের সুদের হার নিয়ন্ত্রণ করে। ২৭টি সদস্য দেশের দীর্ঘ আলোচনার তুলনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে ২০১০-১২ সালের ঋণ সংকট এবং মহামারী মোকাবিলায় সংস্থাটি মূল ভূমিকা রেখেছিল। বিদায়ী প্রেসিডেন্ট লাগার্দ্য নীতি নির্ধারণী কাউন্সিলে ঐক্য বজায় রাখার পাশাপাশি দে কোসকে অভিনন্দন জানিয়ে তার বুদ্ধিমত্তা ও মেধার প্রশংসা করেছেন।






























