দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কমিশনের অপর দুই সদস্য হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম সুপারিশ করা হয়েছে।
দুদকের নতুন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সুপারিশকারী সার্চ কমিটি এই তিনজনের নাম চূড়ান্ত করে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতেই এই নতুন কমিশন গঠন করা হচ্ছে।
নতুন চেয়ারম্যান হিসেবে সুপারিশপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এম এ সামাদ ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী। আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা জীবন শেষে ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ কে এম আসাদুজ্জামান। এরপর ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট বিভাগে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইনি পেশা পরিচালনা করেন।
পরবর্তীতে ২০০৩ সালের ২ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন। এর দুই বছর পর, ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ সময় হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসরে যান।
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২২: ৩০আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২৩: ১৩





























