সিরিয়া ও ইসরায়েলের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত একটি দ্বিপক্ষীয় বৈঠকের পরও সিরিয়ার দক্ষিণাঞ্চলে শেল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার সেনাবাহিনী বেইত জিনের নিকটবর্তী বাত আল-ওয়ার্দা পাহাড়ে চারটি কামানের গোলা (আর্টিলারি শেল) নিক্ষেপ করেছে। তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এই হামলার প্রায় এক সপ্তাহ আগে জর্ডানে মার্কিন মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের প্রতিনিধি দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির নেতৃত্বে একটি সিরীয় প্রতিনিধি দল সেখানে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (SANA) একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলের পূর্ববর্তী হামলার পর উদ্ভূত উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল।
গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা বলেছিলেন, দামেস্ক ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেছিলেন, অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকার ত্যাগ না করেই একটি ব্যাপক শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে এই চুক্তি সহায়ক হবে। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে রেখেছে ইসরায়েল।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদায়ের পর থেকে ইসরায়েল দেশটিতে তাদের হামলার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়াজুড়ে বিভিন্ন অস্ত্রাগার এবং কৌশলগত সামরিক অবস্থান লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যার মধ্যে উত্তর-পশ্চিম ইদলিবের আবু দুহুর বিমানঘাঁটিতে সাম্প্রতিক বোমাবর্ষণও অন্তর্ভুক্ত রয়েছে।




























