বাংলাদেশ পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন।
প্রথম প্রজ্ঞাপনে থাকা নির্দেশনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট এবং ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে একই প্রতিষ্ঠানের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের আরেক পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খান স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার হয়েছেন।
এছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, বিশেষ পুলিশ সুপার মাসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।






























