দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসর আয়োজনের স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০১৬ ও ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো উত্তর আমেরিকার এই দেশটিতে কোপা আমেরিকা আয়োজিত হতে যাচ্ছে।
আসন্ন এই আসরে গতবারের মতো মোট ১৬টি দল অংশ নেবে। যার মধ্যে কনমেবলের (দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন) ১০টি এবং কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন) থেকে ৬টি দেশ অংশগ্রহণ করবে। কনকাকাফ থেকে অংশ নেওয়া দলগুলো ২০২৭ গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।
যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্ট আয়োজনের পেছনে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত কারণ রয়েছে। বিশ্বকাপ আয়োজনের সুবাদে দেশটির বিভিন্ন স্টেডিয়াম সম্প্রতি আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে, যা বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়ক হবে। অতীতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার আগের দুই আসরে আর্জেন্টিনা যথাক্রমে রানার্সআপ ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল, যা আলবিসেলেস্তেদের জন্য সুখস্মৃতি হয়ে আছে।
কনমেবলের সভাপতি এবং ফিফার ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ এই ঘোষণা নিয়ে বলেন, কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্টই নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের মহত্ত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব, যা কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং ফুটবলের বিকাশে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে। ডমিঙ্গেজের মতে, এটি আবারও প্রমাণ করবে যে ফুটবলের কোনো সীমানা নেই।
উল্লেখ্য, আসন্ন ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে ইকুয়েডরও আগ্রহী ছিল, তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই স্বত্ব লাভ করে।
































