ভারতের অন্যতম আলোচিত তরুণ সংগঠন 'ককরোচ' আন্দোলনের অন্যতম নেতা সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তিনি যখন ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানান যে তার পাসপোর্টে জন্মতারিখ সংক্রান্ত অসংগতির কারণে সেটি 'ফ্ল্যাগড' বা চিহ্নিত করা হয়েছে।
বিবিসির সাথে আলাপকালে সৌরভ দাস এই অভিযোগ অস্বীকার করে বলেন, তার নথিপত্রে কোনো ধরনের অসংগতি নেই। তিনি দাবি করেন, তরুণ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলা এবং বিদেশে গিয়ে তা তুলে ধরার সুযোগ থেকে অ্যাক্টিভিস্টদের বিরত রাখতেই সরকার এমন 'সস্তা কৌশল' অবলম্বন করছে। সৌরভ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউহাওয়ার অনুষ্ঠানে বলেন, এই ঘটনা প্রমাণ করে যে সরকার ভীত। তার ভাষায়, এভাবে তাকে ভ্রমণে বাধা দিয়ে সরকার আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তিনি আরও বলেন, এটি মোদি সরকারের পক্ষ থেকে অ্যাক্টিভিস্ট ও তরুণ কণ্ঠস্বরকে হয়রানি ও লক্ষ্যবস্তু বানানোর একটি প্রচেষ্টা।
সৌরভ দাসকে অক্সফোর্ড ইউনিয়নসহ ক্যামব্রিজ ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আন্দোলনের বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আরেক নেতা রত্ন সিং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যেভাবে সৌরভকে বিমানে উঠতে দেওয়া হয়নি, তা মতপ্রকাশের স্বাধীনতা ও তরুণদের জন্য বর্তমান দেশে কতটা জায়গা অবশিষ্ট আছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এছাড়া লন্ডন স্কুল অফ ইকোনমিকস স্টুডেন্ট ইউনিয়নের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউনিট জানিয়েছে, সৌরভ দাসকে নিয়ে আয়োজিত তাদের একটি অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সৌরভ দাস, যিনি পেশায় একজন সাবেক সাংবাদিক, বর্তমানে সিজেপির অন্যতম মুখ। মূলত ব্যাঙ্গাত্মক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করলেও সিজেপি বর্তমানে একটি শক্তিশালী তরুণ নেতৃত্বাধীন প্রেশার গ্রুপে পরিণত হয়েছে। গত জুলাই মাসে সিজেপির নেতৃত্বে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের মুখে ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া অক্টোবর মাসে নির্বাচনী রোলে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান কুমারকে পদত্যাগের দাবিতে আন্দোলন করতে গিয়ে সৌরভ দাসসহ হাজার হাজার নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছিলেন। একই মাসে দিল্লির একটি নিষিদ্ধ এলাকায় প্রতিবাদ করার অভিযোগে সৌরভ ও সিজেপি নেতা আশুতোষ রাঙ্কাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
যদিও সিজেপি আপাতত কোনো রাজনৈতিক দল হতে চায় না, তবে সৌরভ দাস জানিয়েছেন, তাদের আন্দোলন দীর্ঘমেয়াদী। তিনি বলেন, 'আমরা স্বল্প সময়ের জন্য এখানে আসিনি। আমরা আগামী ১০ থেকে ২০ বছরের ভারতকে দেখছি। ভারতকে কীভাবে আরও উন্নত দেশে রূপান্তর করা যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এগোতে চাই।' এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, সৌরভ দাস যদি ব্যাংক লুট বা আর্থিক জালিয়াতি করতেন, তবে হয়তো তাকে লন্ডন যেতে বাধা দেওয়া হতো না, যেভাবে অনেক বিলিয়নেয়ার ঋণখেলাপি ভারত ছেড়েছেন।
উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে অ্যাক্টিভিস্টদের বিমানে উঠতে বাধা দেওয়ার আরও নজির রয়েছে। সেপ্টেম্বর মাসে অরুণাচল প্রদেশের পরিবেশবাদী ও বাঁধবিরোধী অ্যাক্টিভিস্ট ভানু টাটককে ডাবলিনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল। এর আগে ২০২২ সালের মার্চ মাসে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিক রানা আইয়ুবকেও লন্ডন যেতে বাধা দেওয়া হয়েছিল। এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানার জন্য বিবিসি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে।






























