নিউ জিল্যান্ডের পার্লামেন্টে মাত্র এক আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন জোট। সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ও আসন বিন্যাসের সমীকরণে প্রয়োজনীয় আসন সংখ্যার চেয়ে একটি আসন কম পাওয়ায় জোট সরকারের একক আধিপত্য হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতির ফলে দেশটির রাজনীতিতে সরকার গঠনের জটিলতা তৈরি হয়েছে এবং সমঝোতা না হলে দেশটিতে আবারও নির্বাচন আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে।
শুক্রবার প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ১৩০ আসনের পার্লামেন্টে লাক্সনের ন্যাশনাল পার্টি পেয়েছে ৪০টি আসন। জোটের অন্য দুই শরিক অ্যাক্ট পার্টি পেয়েছে ১৩টি এবং নিউ জিল্যান্ড ফার্স্ট পেয়েছে ১২টি আসন। সব মিলিয়ে ক্ষমতাসীন জোটের ঝুলিতে পড়েছে ৬৫টি আসন, অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন ৬৬টি।
অন্যদিকে, মধ্য-বামপন্থি লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন। তাদের সম্ভাব্য মিত্র গ্রিন পার্টি পেয়েছে ১৭টি এবং মাওরি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তে পাতি মাওরি পেয়েছে পাঁচটি আসন। নির্বাচনে সাতটি আসন পাওয়া অপরচুনিটি পার্টি এখন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে দলটির সমর্থন পেলেও লেবার পার্টি ও তার সম্ভাব্য মিত্রদের আসনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার পর্যায়ে পৌঁছাবে না।
প্রধানমন্ত্রী লাক্সন শুক্রবার সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে জোট গঠনের আলোচনা চ্যালেঞ্জিং হতে পারে এবং এতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে পৌঁছালে তা ভেঙে যেতে পারে কিংবা আবারও নির্বাচনের দিকে যেতে হতে পারে, যা নিউ জিল্যান্ডবাসী প্রত্যাশা করেন না।
লেবার পার্টির নেতা ক্রিস হিপকিনস জানিয়েছেন, তার দল অসাধারণ প্রচারণা চালিয়েছে। তবে সর্বাধিক ভোট পেলেও সরকার গঠনের দরকষাকষির ক্ষমতা তাদের হাতে নেই বলে তিনি স্বীকার করেন। হিপকিনস বলেন, এবারের নির্বাচনে স্থিতাবস্থার চেয়ে পরিবর্তনের পক্ষেই বেশি নিউ জিল্যান্ডবাসী ভোট দিয়েছেন।
অপরচুনিটি পার্টির নেতা কিউলাই ওং জানিয়েছেন, তারা ন্যাশনাল পার্টির সঙ্গে আলোচনা করবেন, তবে অন্য সম্ভাবনাও বিবেচনায় রাখছেন। তিনি বলেন, পার্লামেন্টে সাতটি দল রয়েছে এবং নিউ জিল্যান্ডকে একটি স্থিতিশীল সরকার উপহার দেওয়ার দায়িত্ব সবার।
নিউ জিল্যান্ডে মিশ্র আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) পদ্ধতিতে নির্বাচন হয়, যেখানে একজন ভোটার দুটি ভোট দেন—একটি পছন্দের রাজনৈতিক দলের জন্য এবং অন্যটি স্থানীয় আসনের প্রার্থীর জন্য। সাধারণত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হয়। গত ৭ নভেম্বর প্রাথমিক ফলাফলে ন্যাশনাল পার্টি ও তার শরিকদের সামান্য ব্যবধানে এগিয়ে থাকার আভাস পাওয়া গিয়েছিল। তবে শুক্রবারের চূড়ান্ত গণনায় দেখা যায়, বিদেশে থাকা বা নিজ নির্বাচনি এলাকার বাইরে থাকা ভোটারদের দেওয়া ‘স্পেশাল ভোট’ গণনার পর ক্ষমতাসীন জোট দুটি আসন হারিয়েছে। এই নির্বাচনটি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও বেকারত্ব নিয়ে ভোটারদের হতাশার মধ্যে অনুষ্ঠিত হয়েছে, যার ফলে রেকর্ডসংখ্যক নিউ জিল্যান্ডবাসী প্রতিবেশী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন।






























