পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে বেসামরিক শাসনে ফেরার প্রক্রিয়া দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। দেশটির সামরিক শাসকেরা আগামী সপ্তাহে নির্ধারিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন স্থগিত করে ২০২৮ সালের ২৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনারেল হোরটা এন’তাম এক ডিক্রি জারির মাধ্যমে ভোট পিছানোর এই আদেশ দেন।
সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঠিক এক বছর পর এই সিদ্ধান্তের কথা জানানো হলো। গত বছর ক্ষমতা নেওয়ার সময় ১২ মাসের মধ্যে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা। তবে প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রস্তুতির মূল্যায়নে দেখা গেছে যে বর্তমানে পর্যাপ্ত "কারিগরি, বস্তুগত ও আর্থিক পরিস্থিতি" বিদ্যমান নেই। একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দেওয়া এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যেই সময় বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে সেখানে দাবি করা হয়।
বিবৃতিতে গিনি-বিসাউয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করা হলেও সেটির জন্য নির্দিষ্ট কোনো সময়সূচি দেওয়া হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করার পরদিনই জেনারেল এন’তাম অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব নেন। ওই অভ্যুত্থানটি ঘটেছিল সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তিন দিন পর এবং প্রাথমিক ফলাফল প্রকাশের মাত্র এক দিন আগে।
সেই নির্বাচনে উমারো সিসোকো এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস—উভয়েই নিজেদের বিজয়ী দাবি করেছিলেন। উৎখাত হওয়ার পর থেকে এমবালো মরক্কোয় নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও গত মাসে তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকেই গিনি-বিসাউ ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা ও একাধিক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যাচ্ছে।





























