মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হন।
অবরোধ চলাকালে ভোরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকালের দিকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।




























