আমেরিকান ফুটবল (এনএফএল)-এর সাবেক তারকা খেলোয়াড় ক্রিস ক্লু ক্যালিফোর্নিয়ার রাজ্য আইনসভায় (স্টেট অ্যাসেম্বলি) ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। রিপাবলিকানদের দীর্ঘদিনের ঘাঁটি হিসেবে পরিচিত অরেঞ্জ কাউন্টির হান্টিংটন বিচ ও পার্শ্ববর্তী নিউপোর্ট বিচ অঞ্চল সমন্বয়ে গঠিত এই আসনে গত ৩৪ বছরের মধ্যে প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয়ী হলেন তিনি। কাউন্টির সাম্প্রতিক নির্বাচন অনুযায়ী, ৪৪ বছর বয়সী ক্লু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং স্থানীয় সিটি কাউন্সিলের রিপাবলিকান সদস্য গ্র্যাসি ভ্যান ডার মার্ককে ৯৩৩ ভোটে পরাজিত করেছেন, যা মোট ভোটের প্রায় ০.৪ শতাংশ ব্যবধান।
এই রাজনৈতিক উত্থানের পেছনে রয়েছে একটি নাটকীয় পটভূমি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হান্টিংটন বিচ সিটি কাউন্সিল কক্ষে হাতকড়া পরে মেঝেতে মুখ থুবড়ে পড়েছিলেন ক্লু। 'সার্ফ সিটি ইউএসএ' নামে পরিচিত অরেঞ্জ কাউন্টির এই শহরটি দীর্ঘকাল ধরে রক্ষণশীলদের শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানকার সিটি কাউন্সিল ডোনাল্ড ট্রাম্পের নীতিকে প্রকাশ্যে তুলে ধরে চরম ডানপন্থার দিকে ঝুঁকে পড়ে। এমনকি কাউন্সিলের এক সদস্য নিজেদের "মাগা-নিফিসেন্ট ৭" (Maga-nificent 7) বলেও অভিহিত করেছিলেন। লাইব্রেরির ৫০তম বার্ষিকী উপলক্ষে সিটি কাউন্সিল ভবনের বাইরের দেয়ালে "MAGA" শব্দটির একটি অ্যাক্রোস্টিক বা সংক্ষেপিত ফলক লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে মাগার ব্যাখ্যা দেওয়া হয়েছিল—"ম্যাজিক্যাল, অ্যালুরিং, গ্যালভানাইজিং, অ্যাডভেঞ্চারাস"।
এর আগেও হান্টিংটন বিচের এই সিটি কাউন্সিল সিটি হলে রামধনু (প্রাইড) পতাকা ওড়ানোর বিরুদ্ধে ভোট দেয়, কোভিডের সময় মাস্ক ও ভ্যাকসিনের বাধ্যবাধকতা বাতিল করে, রাজ্যের আবাসন আইন অমান্য করে এবং স্থানীয় নির্বাচনে ভোটারদের জন্য বৈধ আইডি কার্ড বাধ্যবাধকতার অধ্যাদেশ পাস করেছিল। যদিও পরবর্তীতে একটি রাজ্য মামলার কারণে আইডি বাধ্যবাধকতার বিষয়টি বাতিল হয়ে যায়। এসব ঘটনার সময় মিনেসোটা ভাইকিংসের হয়ে আট মৌসুম খেলা সাবেক পান্টার ক্রিস ক্লু নাগরিক কর্মকাণ্ডে খুব একটা সক্রিয় ছিলেন না। তবে সিটি কাউন্সিল যখন লাইব্রেরির শিশু বিভাগ থেকে তথাকথিত অনুপযুক্ত বই সরিয়ে নেওয়া বা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং লাইব্রেরিয়ানদের বিরুদ্ধে শিশুদের "পর্নোগ্রাফি" ও "মনের বিষ" দিয়ে সংক্রমিত করার অভিযোগ তোলে, তখন তিনি ক্ষুব্ধ হন। শেষ পর্যন্ত লাইব্রেরিতে 'মাগা' ফলক বসানোর সিদ্ধান্তই তার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিটি কাউন্সিলের এক সভায় বক্তব্যের সময় ডায়াসে দাঁড়িয়ে পডিয়াম থেকে ক্ষোভ প্রকাশ করে ক্লু বলেন, "মাগা আদর্শ গভীরভাবে দুর্নীতিগ্রস্ত, নিঃসন্দেহে গণতন্ত্রবিরোধী এবং সবচেয়ে বড় কথা… এটি স্পষ্টভাবেই একটি নাৎসি আন্দোলন। আপনারা হয়তো সোয়স্তিকার জায়গায় লাল টুপি বসিয়েছেন, কিন্তু বাস্তবতা একই।" উপস্থিত জনগণের করতালির মধ্যে তিনি অহিংস নাগরিক অমান্য আন্দোলনের ঘোষণা দিয়ে সোজা সিটি কাউন্সিলের মঞ্চের দিকে হেঁটে যান। সেখানে পুলিশ তাকে ঘেরাও করে ফেলে এবং গ্রেপ্তার করে। সভা বিঘ্নিত করার অপরাধে তার বিরুদ্ধে মিসডিমিনর সাইটেশন জারি করে কারাগারে পাঠানো হয়।
পূর্বে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা না থাকা ক্লু গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য দিতে শুরু করেন। তিনি গার্ডিয়ানকে জানান, "প্রতিটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পরই মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করত, 'আপনি কবে নির্বাচনে দাঁড়াচ্ছেন?'" পরবর্তীতে তার নির্বাচনী এলাকার রিপাবলিকান অ্যাসেম্বলি সদস্য ডায়ান ডিকসন পুনরায় প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিলে ক্লু জানতে পারেন, তাকে গ্রেপ্তারকারী কাউন্সিল সদস্যদের অন্যতম গ্র্যাসি ভ্যান ডার মার্ক এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেমোক্রেটিক পার্টির কাছে সমর্থনের জন্য অন্য কোনো প্রার্থী আছে কি না জানতে চাইলে দল থেকে তাকেই সরাসরি ভোটে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়।
রাজনীতিতে নতুন হলেও সামাজিক আন্দোলন বা অ্যাক্টিভিজমে ক্লু নতুন নন। এনএফএল ক্যারিয়ার চলাকালেই ২০১২ সালে সমকামী বিয়ের সমর্থনে এক খোলামেলা চিঠি লিখে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি, যা 'দ্য নেশন' ম্যাগাজিন অ্যাথলেটদের দেওয়া সর্বকালের সেরা রাজনৈতিক বক্তব্য হিসেবে অভিহিত করেছিল। ২০১৩ সালে ভাইকিংস তাকে মুক্ত করে দিলে ক্লু অভিযোগ করেন যে, সমকামী বিয়ের বিষয়ে কথা না শোনার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ২০১৪ সালে মামলা এড়াতে ভাইকিংসের সাথে তার একটি সমঝোতা হয়, যার অধীনে ক্লাবটি এলজিবিটিকিউ দাতব্য সংস্থাগুলোতে বড় অঙ্কের অনুদান প্রদান করে। তবে সেই সমঝোতা থেকে ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেননি ক্লু।
নিজের এই সোচ্চার মনোভাবের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "সম্ভবত আমি ছোটবেলা থেকেই সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি বই প্রচুর পড়েছি। আপনি যদি নায়ক হতে চান, তবে আপনাকে সঠিক কাজটিই করতে হবে—এমনকি তার জন্য নিজের ক্ষতি হলেও।" তার নির্বাচনী প্রচারণায় সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা, সরকারি স্কুলের মানোন্নয়ন করা এবং পরিবেশবান্ধব পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি ছিল। ৪৪ বছর বয়সী ক্লু বলেন, "আমি চাই আমার সরকার সঠিকভাবে কাজ করুক এবং আমাকে আমার মতো থাকতে দিক।" তিনি বিশ্বাস করেন যে তার এই মতাদর্শ দলীয় সীমানার ঊর্ধ্বে ভোটারদের মন জয় করেছে। এছাড়া প্রতিপক্ষ ভ্যান ডার মার্কের অতিরিক্ত ট্রাম্পপ্রীতি সেই সব ঐতিহ্যবাহী রক্ষণশীলদেরও বিতশ্রদ্ধ করেছিল, যারা দলের চরমপন্থী অবস্থানে ক্ষুব্ধ ছিলেন।
প্রচারণায় ক্লুর তহবিল সংগ্রহ ১০ লাখ ডলার ছাড়িয়ে যায়, যা তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক বেশি ছিল। স্থানীয় সংবাদ মাধ্যম 'ভয়েস অফ ওসি'-এর তথ্যানুযায়ী, এই অর্থের প্রায় অর্ধেকই এসেছিল রাজ্য ডেমোক্রেটিক পার্টি থেকে। প্রাথমিক নির্বাচনের আগে এই আসনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা নিয়ে দ্বিধা থাকলেও ডেমোক্রেটিক পার্টির এক জনমত সমীক্ষায় ক্লুকে কিছুটা এগিয়ে থাকতে দেখা যাওয়ার পর দল থেকে বড় অঙ্কের সহায়তা আসতে শুরু করে। তবে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টের সহায়তা পেলেও আবাসন, শিক্ষা ও অবকাঠামো খাতে নিজের দলের ঘাটতি নিয়েও সমালোচনা করতে দ্বিধা করেননি ক্লু।
অরেঞ্জ কাউন্টি ঐতিহাসিকভাবেই মার্কিন রাজনীতির এক পরিচিত ক্ষেত্র—যেখানে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জন্ম এবং যাকে রোনাল্ড রেগান "ভালো রিপাবলিকানদের শেষ গন্তব্য" বলে অভিহিত করেছিলেন। তবে সাম্প্রতিক নির্বাচনে এ এলাকায় বামপন্থার দিকে ঝোঁকার প্রবণতা স্পষ্ট হয়েছে। পুরো অরেঞ্জ কাউন্টিতে রিপাবলিকানরা সবকটি কংগ্রেস ও রাজ্য আইনসভার আসন হারিয়েছে। ডেমোক্র্যাটরা ক্লুর আসনের পাশাপাশি আরও দুটি স্টেট অ্যাসেম্বলি এবং একটি স্টেট সেনেট আসন ছিনিয়ে নিয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক মাইক মাদ্রিদের মতে, এই জয়কে কেবল ডেমোক্র্যাটদের প্রতি বিপুল সমর্থন বলা চলে না, বরং এটি ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি জনগণের তীব্র প্রত্যাখ্যান। ভোটাররা কোনো নির্দিষ্ট দলের প্রতি অনুগত না থেকে ব্যর্থ নীতিগুলোকে বর্জন করছে বলে তিনি মত প্রকাশ করেন।
স্যাক্রামেন্টোতে দায়িত্ব গ্রহণের পর হান্টিংটন বিচসহ নিজের নির্বাচনী এলাকার প্রতিটি শহরের নেতাদের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিস ক্লু। মতপার্থক্য থাকা সত্ত্বেও কাজ করতে রাজি থাকলেও যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা স্মরণ করে ক্লু বলেন, "একজন সাবেক পেশাদার খেলোয়াড় হিসেবে আমি জানি, আপনি যদি বারবার একই ভুল করতে থাকেন, তবে খুব দ্রুতই আপনাকে দল বা চাকরি থেকে বাদ পড়তে হবে।"































