ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটির বিভিন্ন বিমানবন্দর ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে। আগামী ১৫ আগস্ট শনিবার এই জাতীয় দিবস উদযাপিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। এই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বাড়তি সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কঠোর করায় স্ক্রিনিং প্রক্রিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। শেষ মুহূর্তের চাপ এড়াতে যাত্রীদের আগেভাগে বিমানবন্দরে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। একইভাবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বিশেষ নিরাপত্তা ও বাধ্যতামূলক তল্লাশি কার্যক্রম চলবে। তাই যাত্রীদের এই সময়ের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, বর্ধিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত তল্লাশি চালানো হবে। যাত্রীদের তাদের ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্ট সবসময় হাতের কাছে রাখার এবং নিরাপত্তা প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট যাত্রীদের দ্রুত বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছিল। বুধবার ইন্ডিগো এয়ারলাইন্সও এক বিবৃতিতে জানিয়েছে, কঠোর নিরাপত্তা চেকের কারণে চেক-ইন এবং অন্যান্য প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। এয়ারলাইন্সটি যাত্রীদের ট্রাফিক, পার্কিং, চেক-ইন সারি এবং ল্যাডার পয়েন্ট চেকের জন্য অতিরিক্ত সময় হাতে রাখার অনুরোধ করেছে।
ইন্ডিগো কর্তৃপক্ষ আরও পরামর্শ দিয়েছে যে, নিরাপত্তা তল্লাশি দ্রুত করতে যাত্রীরা যেন ব্যাগেজ সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে মেনে চলেন। এছাড়া ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা এবং বিমানবন্দরের হালনাগাদ তথ্য নিয়মিত যাচাই করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পয়েন্টে পৌঁছানোর সময় পরিচয়পত্র, বোর্ডিং পাস এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখলে প্রক্রিয়াটি সহজতর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: খালিজ টাইমস





























