সাবেক অন্তবর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল পুনর্ব্যক্ত করেছেন যে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে এই সিদ্ধান্তের দায়ভার মূলত তার নিজেরই ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, এতোদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কারণ কী?
আসিফ নজরুল জানান, ঘটনার সূত্রপাত হয়েছিল উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়ার মাধ্যমে। এরপরই বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং দেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অনীহা প্রকাশ করা হয়। তিনি জানান, আইসিসির প্রথম রিপোর্টেও ভারতের নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ স্পষ্ট ছিল, যার মধ্যে ছিল মুস্তাফিজের দলে থাকা, সমর্থকদের অবাধ চলাচল এবং নির্বাচনকালীন পরিস্থিতি। বিবিসি বাংলা ওই রিপোর্টের হুবহু বাংলা অনুবাদও প্রকাশ করেছিল।
তিনি আরও উল্লেখ করেন যে, অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের জন্য চেষ্টা করা হলেও আইসিসিতে ভারতীয়দের আধিপত্যের কারণে তা সম্ভব হয়নি। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগও করা হয়নি। আসিফ নজরুল বলেন, দেশের মর্যাদা, নিরাপত্তা এবং নির্বাচনের আগে স্থিতিশীলতা—এই তিনটি বিষয়ই ছিল তাদের সিদ্ধান্তের মূল ভিত্তি। সেই সময় বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হলেও, ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই ভয় দূর হয়েছিল। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে সব মেনে নেওয়াতে নয়।




























