২০২৪ সালের জুলাইয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটিকে এক নতুন গতিপথে নিয়ে যাচ্ছেন দেশটির সাবেক পুলিশ জেনারেল তো লাম। তিনি ভিয়েতনামের জন্য 'জাতীয় উত্থানের এক নতুন যুগ' ঘোষণা করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তৎকালীন ৭ শতাংশ থেকে বাড়িয়ে দুই অঙ্কে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৬ সালের ২১ জানুয়ারি হ্যানয়ে অনুষ্ঠিত সিপিভির ১৪তম জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে উপস্থিত থেকে তিনি নিজের এই রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্যের ওপর জোর দেন।
দায়িত্ব গ্রহণ করেই তো লাম ভিয়েতনামের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠন ও সহজ করার নির্দেশ দেন। এই প্রক্রিয়ায় মাত্র কয়েক মাসের মধ্যে কয়েকটি মন্ত্রণালয় বিলুপ্ত বা একীভূত করা হয় এবং জেলা পর্যায়ের সকল সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। এতে করে জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রাদেশিক বা কমিউন পর্যায়ে বদলি করা হয় অথবা অবসরে পাঠানো হয়। এছাড়া দেশের ৬৩টি প্রাদেশিক ও সমপর্যায়ের প্রশাসনিক ইউনিটকে একীভূত করে ৩৪টিতে নামিয়ে আনা হয়, যা পূর্বের তুলনায় প্রায় অর্ধেক।
সাবেক সিপিভি প্রধান নগুয়েন ফু ট্রং-এর সমাজতান্ত্রিক ভাবাদর্শের প্রতি গভীর মনোযোগের ধারা থেকে বেরিয়ে এসে তো লাম ব্যক্তিগত খাতকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি দ্রুতগতির রেলপথ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় অবকাঠামো প্রকল্প চালুর অনুমোদন দেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকটি বেসরকারি সংস্থাকে অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ জ্ঞান না থাকা সত্ত্বেও এসব হাই-প্রোফাইল প্রকল্পের কাজ প্রদান করা হয়েছে।
বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও তো লাম অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত দুই বছরে তিনি প্রায় দুই ডজন দেশ সফর করেছেন এবং একাধিক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছেন। যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামী পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উদ্বৃত্ত ক্রমবর্ধমান রয়েছে এবং দেশটি অর্থনৈতিকভাবে ভালো অবস্থান ধরে রেখেছে।
আন্তর্জাতিক সাময়িকী 'দ্য ইকোনমিস্ট' তো লামকে বোঝাতে 'হার্ডম্যান, ক্যাপিটালিস্ট এবং হেডোনিস্ট' (কঠোর নেতা, পুঁজিবাদী ও ভোগবাদী) শব্দগুলো ব্যবহার করেছে। ১৯৫৭ সালে উত্তর ভিয়েতনামের হুং ইয়েন প্রদেশে জন্মগ্রহণকারী লাম ১৯৭৫ সালে গৃহযুদ্ধের অবসানের পর প্রাপ্তবয়স্ক হন। তাঁর বাবা কর্নেল তো কুয়েন যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনামে কমিউনিস্ট বিপ্লবে সহায়তা করেন এবং পরবর্তীতে অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের (বর্তমানে জননিরাপত্তা মন্ত্রণালয়) কারাগার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যা দেশের কারাগার ব্যবস্থার তদারকি করত।
পাবলিক সিকিউরিটি কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত তো লাম নিজের পুরো কর্মজীবন নিরাপত্তা সংস্থায় কাটিয়েছেন। ৫০ বছর বয়সে তিনি মেজর জেনারেল এবং ৫৯ বছর বয়সে মন্ত্রী পদে উন্নীত হন। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি দীর্ঘ সময় ধরে শাসন করলেও এখনো গোপনীয়তার নীতি মেনে চলে এবং ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকে বুর্জোয়া পুঁজিবাদী সমাজের ব্যাধি মনে করে। তবে সহকর্মীদের তুলনায় লামের ব্যক্তিগত জীবন কিছুটা ভিন্ন। তিনি প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর দুই সন্তানের জনক থাকা অবস্থায় নিজের চেয়ে ১৩ বছরের ছোট এনগো ফুওং লি-কে বিয়ে করেন। এনগো ফুওং লি একজন শিল্পী ও অভিনেত্রীর সন্তান, যিনি পূর্বে চারুকলা ও টেলিভিশন উপস্থাপনায় যুক্ত ছিলেন। এছাড়া তো লাম অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহের শখ রাখেন।
অন্য এক কম আলোচিত ঘটনায় ২০১৭ সালে লামের নজরদারিতে তাঁর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে (বর্তমানে পিপলস একাডেমি অব সিকিউরিটি সার্ভিসেস) ফেলিক্স ডজারজিনস্কির একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। পোলিশ বংশোদ্ভূত ডজারজিনস্কি লেনিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের চেকা (কেজিবির পূর্বসূরি) ও গুলাগ ক্যাম্প ব্যবস্থার প্রতিষ্ঠাতা ছিলেন। লামের এক মেয়ে ইংল্যান্ডে পড়াশোনা করলেও ডজারজিনস্কির অনুরাগী কোনো নেতা কীভাবে পুঁজিবাদী নীতির সমর্থক হতে পারেন, সেই বৈপরীত্য তিন দশকেরও বেশি সময় ধরে শুরু হওয়া ভিয়েতনামের বাজার সংস্কার ও আর্থ-সামাজিক পরিবর্তনের চিত্রকেই প্রতিফলিত করে।






























