জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির পক্ষ থেকে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুসংহতকরণ, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মৌলিক অধিকারের সুরক্ষা। এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক ও সম্পৃক্ততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে সংস্কারমূলক কর্মকাণ্ডে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
সূত্র: Daily Amar Desh






























