খুলনার রূপসা উপজেলার ডোবা গ্রামে নিজের মৎস্যঘেরে কাজ করার সময় অপূর্ব দাস (৫০) নামে এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঘেরের পাড়ে মাটি দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যান। দীর্ঘদিন ধরে মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসা অপূর্ব দাস ঘটনার দিন সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে ঘেরের পাড় সংস্কার করছিলেন।
ঘটনার সময় পাশের ঘেরের কয়েকজন প্রতিবেশী কাজ করছিলেন। তাদের ভাষ্যমতে, অপূর্ব দাস তাদের থেকে দুই-তিনটি ঘের দূরে কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি বুকে ব্যথার কথা জানান। এর ৮-১০ মিনিট পর কোনো সাড়া শব্দ না পেয়ে তারা সেখানে গিয়ে তাকে পানিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মৎস্যঘেরের পাড় ভেঙে মাছ ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এক প্রতিবেশী জানান, আর্থিক ক্ষতির দুশ্চিন্তা, মানসিক চাপ এবং প্রচণ্ড গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে অসুস্থতার কারণে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
অপূর্ব দাসের আকস্মিক মৃত্যুতে ডোবা ও গোয়াড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার এখন গভীর শোকের পাশাপাশি চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ডোবা গ্রামের বাসিন্দা অপূর্ব দাস দীর্ঘদিন ধরে নিজের মৎস্যঘেরে মাছ চাষ করে সংসার চালিয়ে আসছেন।
সূত্র: Daily Amar Desh





























