ইতালিয়ান ক্লাব এসি মিলানের নতুন হেড অব ফুটবল হিসেবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তার আগেই মিলানে পৌঁছে নতুন দায়িত্বের কার্যক্রম শুরু করে দিয়েছেন জার্মান নির্বাহী মার্কাস ক্রোশে। দলবদল বিষয়ক বিশেষজ্ঞ মাত্তেও মোরেত্তো নিশ্চিত করেছেন যে ক্রোশের নিয়োগের বিষয়টি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, তবে তিনি ইতোমধ্যেই ক্লাবের জানুয়ারির দলবদল সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কাজ চালাচ্ছেন।
এসি মিলানের মালিক জেরি কার্দিনালের দীর্ঘদিনের প্রথম পছন্দ ছিলেন এই জার্মান ফুটবল নির্বাহী। এর আগে গত ১৮ অক্টোবর নিজের অনুরোধেই এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি পান ক্রোশে। পরবর্তীতে এসি মিলান ও ফ্রাঙ্কফুর্ট ক্ষতিপূরণের বিষয়ে সমঝোতায় পৌঁছায়। গত দিন দুই ক্লাবের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিনিময় হয়েছে এবং রসোনেরিরা এজন্য প্রায় ৪ মিলিয়ন ইউরো প্রদান করছে।
এসি মিলানে ক্রোশের প্রথম ও প্রধান কাজ হতে যাচ্ছে অভিজ্ঞ মিডফিল্ডার আদ্রিয়ান রবিওর নতুন চুক্তি সম্পাদন করা। মিলাননিউজ২৪-এর বরাতে ফাব্রিজিও রোমানোর ইউটিউব চ্যানেলে মোরেত্তো জানান, চলতি বছরের শেষ হওয়ার আগেই রবিওর চুক্তি নবায়নের কাজ শেষ করতে চান ক্লাব মালিক কার্দিনাল। কারণ কোচ রুবেন আমোরিমের মূল পরিকল্পনায় রবিও একজন অপরিহার্য ফুটবলার। এ ছাড়া শীতকালীন দলবদলে ক্লাবটি নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করতে চায়, যেখানে তাদের নজরদারিতে রয়েছে ব্রাজিলীয় তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।






























