পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করে জানিয়েছেন যে, যথাযথ প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ না করে কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রয়টার্সে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে হুমায়ুন কবির বলেন, মনের ক্ষোভ থেকে অর্থ খরচ করে অনেক কিছুই লেখানো সম্ভব। তবে আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে হবে। তিনি বলেন, বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, কেউ হয়তো কল্পনা বা দুঃস্বপ্নে ভাবতে পারেন যে তিনি হেঁটে বা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু তিনি কোনো সাধারণ যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তা কেবল কঠোর নজরদারি বা হাতকড়া পরিয়েই করা সম্ভব। এটাই বাস্তবতা।
উল্লেখ্য, ওই ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সরকারের পক্ষে সেখানে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।






























