কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্য দুই যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালকও আহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), একই এলাকার নলবনিয়া গ্রামের সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়লে পুলিশ দ্রুত তা স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
































