বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, সরকারি দলের চাঁদাবাজি ও নিয়োগ-বাণিজ্যের সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্টরা প্রকাশ্যে মাঠে নামার চেষ্টা করছে। তবে দেশের জনগণ তাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেবে না। তিনি মন্তব্য করেন, ফ্যাসিস্টদের ফিরে আসার সম্ভাবনা নেই এবং এটি কেবল তাদের আস্ফালন মাত্র। ২০০৪ সালের মতো ট্রাম্প কার্ড ব্যবহারের ধোঁয়াশা তৈরি করে তারা যে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় মহানগর জামায়াত কার্যালয়ে ২০২৭-২৮ সেশনের মহানগরী মজলিসে শূরার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা হালিম আরও বলেন, যারা আওয়ামী লীগের নামে এখন জ্বালাও-পোড়াও করছে, তারা অতীতে বলেছিল ‘যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দেওয়া হবে’। সেই কথা এখন তাদের নিজেদের ক্ষেত্রেই প্রযোজ্য। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুজব প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্টরা ফিরে এলে যে বিচার কার্যকর হবে, তা তারা জানে। ফাঁসির মঞ্চে যাওয়ার মতো সাহস শেখ হাসিনার নেই।
অধিবেশনে রংপুর মহানগর জামায়াতের ২০২৭-২০২৮ কার্যকালের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে কেএম আনোয়ারুল হক কাজল মহানগর নায়েবে আমির, রায়হান সিরাজী সেক্রেটারি এবং আলামিন হাসান ও অ্যাডভোকেট কাওছার আলী সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন। এছাড়া ১৩ সদস্যের পুরুষ ও ১৩ সদস্যের নারী কর্মপরিষদ গঠন করা হয়। নবনির্বাচিত দায়িত্বশীল ও মজলিসে শূরার সদস্যদের শপথবাক্য পাঠ করান রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। এছাড়া স্থানীয় জামায়াত ও মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
































