ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। একই সঙ্গে এই পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ‘ডেডলি প্রোটেসট ইরাপট ইন বাংলাদেশে ওভার এক্সাইলড ফর্মার লিডার, হোয়াট টু নো’ শীর্ষক এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত দেড় সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বিস্তৃত হচ্ছে। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দলটির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্যবস্তু করছে। এসব ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন, যার মধ্যে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুই পরিবহনকর্মী এবং ক্ষমতাসীন দলের দুই সদস্য রয়েছেন। সরকার অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমিত পরিসরে চালানো এই সহিংসতায় গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে আগুন দেওয়া হয়েছে এবং বিএনপির দুই নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অদূর ভবিষ্যতে আরও বিক্ষোভের ডাক দিচ্ছে দলটির নেতা-কর্মীরা।
সহিংসতার সবচেয়ে বেশি তীব্রতা লক্ষ্য করা গেছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ওই সময়ে বিক্ষোভকারীরা অস্ত্র হাতে মিছিল বের করে, পুলিশের গাড়িতে আগুন দেয় এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করে। শুক্রবার সকালে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা সেই রায় প্রত্যাখ্যান করেছেন এবং পুরো বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি নতুন করে আলোচনা তৈরি হয় যখন তিনি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেন। তবে বাংলাদেশ সরকার তাঁকে এসব পরিচয়সংক্রান্ত নথি প্রদান করতে অনিচ্ছুক।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের নতুন সরকারের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসী’ এবং ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে ভারতে অবস্থানরত হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। তবে ভারতের পক্ষ থেকে তাঁকে ফেরত পাঠানোর সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ঢাকার নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয়াদিল্লি। এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মোদি। দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ভারত সফর, যদিও ঢাকা এখনো ওই নিমন্ত্রণের চূড়ান্ত জবাব দেয়নি।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ করেন যে কিছু গোষ্ঠী ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যা ভারতের প্রতি ঢাকার অসন্তোষেরই ইঙ্গিত দেয়। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়, সাম্প্রতিক মাঠপর্যায়ের সহিংসতা দুই প্রতিবেশী দেশের বিদ্যমান কূটনৈতিক চাপকে আরও বাড়িয়ে তুলেছে।
এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।






























