পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের জন্য আটজন নারী ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। গত মৌসুমে ২০ জন ক্রিকেটার এই চুক্তির আওতায় থাকলেও এবার তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। নতুন এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
বোর্ডের নতুন এই তালিকায় তিন ক্যাটাগরিতে ক্রিকেটারদের বিন্যাস করা হয়েছে। ক্যাটাগরি এ-তে জায়গা পেয়েছেন ফাতিমা সানা ও সাদিয়া ইকবাল। ক্যাটাগরি বি-তে স্থান পেয়েছেন মুনিবা আলী সিদ্দিকী, নাশরা সান্ধু এবং সিদরা আমিন। এছাড়া ক্যাটাগরি সি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে আয়েশা জাফর, গুল ফিরোজা এবং সাদাফ শামাসকে।
গত মৌসুমের তুলনায় খেলোয়াড়দের অবস্থানে বেশ কিছু পরিবর্তন এসেছে। মুনিবা আলী ও সিদরা আমিন গতবার ক্যাটাগরি এ-তে থাকলেও এবার তাদের ক্যাটাগরি বি-তে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে গুল ফিরোজা ও সাদাফ শামাস ক্যাটাগরি ডি থেকে সি-তে উন্নীত হয়েছেন। আয়েশা জাফর নতুন মুখ হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন।
পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের বর্তমান ফর্ম, ফিটনেস এবং দলের ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে এই ক্যাটাগরিগুলো নির্ধারণ করা হয়েছে। নতুন এই তালিকায় গতবারের তুলনায় ১৩ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার। এছাড়া উদীয়মান খেলোয়াড় ইমান ফাতিমা ও শওয়াল জুলফিকারকেও চুক্তিতে রাখা হয়নি।
বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারকে নিয়মিত ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং চুক্তির পুরো সময়জুড়ে বোর্ড কর্তৃক নির্ধারিত মান বজায় রাখতে হবে।






























