ভারতে পাকিস্তানি নাটক, গান ও চলচ্চিত্র প্রচার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও দেশটির দর্শকদের মধ্যে এসব কনটেন্টের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের মধ্যে এখন ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।
সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি নয়াদিল্লিতে নাটকটির একটি প্রদর্শনীর আয়োজন করেন। ৪৫ জনের আসনের বিপরীতে সাতশ’ জনেরও বেশি মানুষ এতে অংশ নেওয়ার জন্য আবেদন করেন। যদিও বেঙ্গালুরুতে পুলিশের নজরদারির কারণে নাটকটির অন্তত দুটি প্রদর্শনী বাতিল করতে হয়েছে। সামাজিকমাধ্যমে দর্শকেরা নাটকটির গল্প ও দৃশ্য নিয়ে নিয়মিত আলোচনা করছেন এবং বিভিন্ন শহরে দলবদ্ধ প্রদর্শনীও আয়োজিত হচ্ছে।
নাটকটির ‘আবু বকর’ চরিত্রটি ভারতীয় দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। সামাজিকমাধ্যমে ভক্তরা ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ স্লোগান তুলছেন, কারণ চরিত্রটির সহানুভূতিশীল আচরণ দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করেছে।
ভারত সরকার এর আগে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এমনকি নেটফ্লিক্সকেও পাকিস্তানের একটি সিরিজ সরিয়ে নিতে বলা হয়। তবে এসব বাধা উপেক্ষা করে ভারতীয় দর্শকেরা ভিপিএন ও প্রক্সি ব্যবহার করে কনটেন্টগুলো দেখছেন। টপ১০ভিপিএনের তথ্যমতে, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজার দাবি করেছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশই আসে ভারত থেকে। তিনি বলেন, বর্তমান সময়ে কনটেন্ট দেখা কঠিন করা সম্ভব হলেও পুরোপুরি থামিয়ে দেওয়া অসম্ভব। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো নাটকগুলোও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
বিশ্লেষকদের মতে, দুই দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার মিল পাকিস্তানি নাটককে ভারতীয় দর্শকদের কাছে সহজবোধ্য করে তুলেছে। সাংস্কৃতিক আয়োজক সুফিয়ান খানের মতে, ‘দার-এ-নিজাত’ ইসলামকে মানবিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে উপস্থাপন করায় এটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়া দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, এই সাংস্কৃতিক আদান-প্রদান দুই দেশের মানুষের মধ্যকার ভুল ধারণা ও দূরত্ব কমাতে সহায়ক ভূমিকা রাখছে।
সাবেক ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, প্রযুক্তির অগ্রগতির কারণে এখন সীমান্ত বা নিষেধাজ্ঞা দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ আটকে রাখা কঠিন। তিনি উল্লেখ করেন, অতীতে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ থাকলেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের জনপ্রিয়তা বজায় ছিল। তার ভাষায়, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সংস্কৃতি সবসময় দুই দেশের মানুষের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৩: ১৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৩: ১৬
এর আগে পাকিস্তানি নাটক ‘তেরে বিন’ (২০২২) এবং ‘কাভি ম্যায় কাভি তুম’ (২০২৪) ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।






























