২০১৮ সালে প্যারিসের নিজ বাড়িতে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ফরাসি চলচ্চিত্র তারকা জেরার দ্যপারদিওকে বিচারে হাজির করার আদেশ বহাল রেখেছেন প্যারিসের আপিল আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেছেন ৭৭ বছর বয়সী এই অভিনেতার অন্যতম আইনজীবী দেলফিন মেয়েত। পৃথক একটি যৌন নিপীড়নের মামলায় সাজা পুনর্বিবেচনার আবেদন দ্যপারদিও প্রত্যাহার করে নেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই বিচারমুখী হওয়ার আদেশ এলো।
আইনজীবী দেলফিন মেয়েত এপি-কে প্রেরিত এক বার্তায় জানান, অভিনেত্রী শার্লট আরনল্ডের আনা দুটি ধর্ষণের অভিযোগের মধ্যে একটির ভিত্তিতে দ্যপারদিওকে আদালতে বিচারে মুখোমুখি হতে হবে। ২০২৫ সালের আগস্টে একজন তদন্তকারী বিচারক দ্যপারদিওকে বিচারে পাঠানোর যে আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে আপিল করেছিলেন অভিযুক্ত এই অভিনেতা। তবে প্যারিস আপিল আদালত বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে বিচারিক প্রক্রিয়া বহাল রাখেন। আইনজীবী মেয়েত আরও বলেন, দ্যপারদিও আদালতের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন; তবে তিনি আরও উচ্চতর আদালতে আপিল করবেন কি না, তা এখনও স্পষ্ট করেননি।
শার্লট আরনল্ড ২০১৮ সালে প্রথম এই অভিযোগ দায়ের করেন, যখন তার বয়স ছিল ২২ বছর। ফরাসি বিনোদনজগতে যৌন সহিংসতার বিরুদ্ধে আইনি লড়াই এবং দেশটিতে #MeToo আন্দোলনের কার্যকারিতার মুখে মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এর আগে চলতি মাসের ১৬ নভেম্বর, ২০২১ সালে একটি চলচ্চিত্রের সেটে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে নিজের আপিল প্রত্যাহার করে নেন দ্যপারদিও। ‘লে ভোলে ভার’ (দ্য গ্রিন শাটার্স) সিনেমার সেটে এক সেট ডেকোরেটর ও একজন সহকারীকে আপত্তিকরভাবে স্পর্শ করার দায়ে ২০২৫ সালের মে মাসে তিনি দোষী সাব্যস্ত হন। পরবর্তীতে আপিল প্রত্যাহার করে তিনি ১৮ মাসের স্থগিত কারাদণ্ড মেনে নেন এবং এক লিখিত বিবৃতিতে প্রকাশ্যে ক্ষমা চান। সেই বিবৃতিতে তিনি লেখেন, "আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সিনেমা সেটে আমি দীর্ঘ দিন উসকানিমূলক আচরণ ও স্থূল রসবোধের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আমার কথা ও কাজের কোনো পরিণতি নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন, বিশেষ করে আমার মতো ক্ষমতাবান একজনের অবস্থানের কারণে তা মারাত্মক প্রভাব ফেলেছিল।"
প্রায় অর্ধশতাব্দী ধরে ফরাসি সিনেমার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন দ্যপারদিও। তার সুবিশাল শারীরিক অবয়ব, বাঁকা নাক এবং শক্তিশালী অভিনয় শৈলীর কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ফরাসি সংস্কৃতির বড় প্রতিনিধি হয়ে ওঠেন। ‘সিরাঁ দ্য বের্জরাক’ সিনেমার জন্য তিনি অস্কারের মনোনয়ন পান এবং ‘গ্রিন কার্ড’ চলচ্চিত্রের জন্য অর্জন করেন গোল্ডেন গ্লোব পুরস্কার। তবে সাম্প্রতিক সময়ে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ ও আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তার দীর্ঘ অভিনয় জীবনের সাফল্যকে ম্লান করে দিয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে প্রচারিত একটি টেলিভিশন প্রামাণ্যচিত্রে ২০১৮ সালে উত্তর কোরিয়া সফরের সময় দ্যপারদিওর বারবার করা আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ ভঙ্গি প্রকাশ্যে এলে তিনি নতুন করে চরম সমালোচনার মুখে পড়েন। ওই সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অভিনেতার পক্ষে অবস্থান নিলে নারীবাদী সংগঠনগুলোর তোপের মুখে পড়েছিলেন। ম্যাক্রোঁ নির্দোষতার আইনি ধারণাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, দ্যপারদিও "ফ্রান্সকে গর্বিত করেছেন" এবং তিনি কোনো সামাজিক "মানুষ শিকারে" অংশ নেবেন না। এর আগে ২০১৮ সালে অভিনেত্রী ক্যার্থিন দ্যনভসহ ১০০ জন বিশিষ্ট নারী এক খোলা চিঠিতে পুরুষদের নারীদের প্রতি অনুরাগের অধিকার রক্ষার পক্ষে সওয়াল করেছিলেন এবং #MeToo আন্দোলনের অতি বাড়াবাড়ির বিষয়ে সতর্ক করেছিলেন।
১৯৪৮ সালে মধ্য ফ্রান্সের শাতোরা শহরের এক সাধারণ শ্রমিক পরিবারে জন্ম নেওয়া দ্যপারদিও শৈশবের তোতলামি সমস্যা জয় করে ফ্রান্সের অন্যতম কর্মঠ ও সফল অভিনেতা হয়ে ওঠেন। রূপালী পর্দার বাইরেও তার বিতর্কিত কর্মকাণ্ড আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হয়েছে। বিশেষ করে ২০১৩ সালে কর সংক্রান্ত ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।






























