সিলেট বিভাগে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এই নতুন ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় শিশুগুলোর মৃত্যু হয়। মৃত শিশুরা সবাই ১ বছরের কম বয়সী ছিল এবং তারা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। মৃত্যুর সময় তারা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এদিকে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৭০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
































