এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইটের হাইভোল্টেজ ম্যাচে আল-সাদকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। নিজেদের ঘরের মাঠ আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। সফরকারী আল-সাদ এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাদের দলের অন্যতম মূল তারকা রবার্তো ফিরমিনোকে ছাড়াই মাঠে নামতে বাধ্য হয়।
ম্যাচের শুরুতেই ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে আল-নাসরের পক্ষে পেনাল্টি আদায় করে নেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর নিখুঁত স্পট কিকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই পর্তুগিজ তারকা। তবে এই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি স্বাগতিকদের জন্য। আল-সাদের ৭ নম্বর জার্সিধারী আকরাম আফিফের দারুণ এক পাস ধরে মোহাম্মদ ওয়াদ আল-নাসরের গোলরক্ষক বেন্তোকে পরাস্ত করে আল-সাদকে সমতায় ফেরান।
সমতায় ফেরার পর রোনালদো আল-নাসরের হয়ে আবারও লক্ষ্যভেদ করেছিলেন। তবে ভিএআর প্রযুক্তির সাহায্যে রিভিউ নিয়ে দেখা যায়, আক্রমণের গোড়াপত্তনে তার সতীর্থ অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল অফসাইড পজিশনে ছিলেন, ফলে গোলটি বাতিল হয়। এর কিছুক্ষণ পরই আল-সাদের গোলদাতা ওয়াদ মেজাজ হারিয়ে আল-নাসরের ডিফেন্ডার নাওয়াফ বুশালের দিকে থুথু ফেলায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন খেলোয়াড় কম নিয়ে খেললেও প্রথমার্ধের বাকি সময় আল-নাসরের আক্রমণ সামলে ১-১ সমতায় বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে মোড় ঘোরানো গোলটি করেন জোয়াও ফেলিক্স। রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর করা সেই ঐতিহাসিক ওভারহেড কিকের স্মৃতি মনে করিয়ে দিয়ে অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন ফেলিক্স, যা আল-নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর আল-নাসর বল দখলে আধিপত্য দেখালেও ব্যবধান আর বাড়াতে পারেনি। উল্টো ১০ জনের দল হলেও শেষের দিকে বেশ কিছু আক্রমণ সৃষ্টি করে আল-নাসরকে চেপে ধরেছিল আল-সাদ। তবে রক্ষণের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াদের ক্লাবটি।
আল-আহলির বিরুদ্ধে দলের পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জোয়াও ফেলিক্স। কিন্তু এই ম্যাচে তার চোখধাঁধানো পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সমর্থকদের প্রশংসায় ভাসিয়েছে। সমর্থকদের একজন মন্তব্য করেন, তিনি তার রোল মডেলের কাছ থেকেই এই কৌশল শিখেছেন। অন্য একজন ভক্ত তাকে রোনালদো-উত্তর যুগে আল-নাসরের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে আখ্যা দেন। এক ফুটবল অনুরাগী বিস্ময় প্রকাশ করে লেখেন, রোনালদো তাকে ঠিক কী শেখাচ্ছেন! আবার চেলসি ভক্তদের কেউ কেউ সামাজিক মাধ্যমে অনুরোধ জানান আগামী জানুয়ারির দলবদলেই ফেলিক্সকে ফিরিয়ে আনার জন্য।
আল-সাদের বিপক্ষে এই জয়ের পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইটের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে আল-নাসর। একটি ম্যাচ স্থগিত থাকায় অন্যান্য দল পাঁচটি করে ম্যাচ খেললেও আল-নাসর এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। আগামী শনিবার (২৮ নভেম্বর) লিগ ম্যাচে আল-হাজমের মুখোমুখি হবে নাইটস অব নাজদ খ্যাত দলটি। এরপরের উইকেন্ডে ঘরের মাঠে শিরোপাপ্রত্যাশী প্রতিপক্ষ আল-কাদসিয়াহর মুখোমুখি হবে আল-নাসর।
































